ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু ক্ষতি মোকাবেলায় দেওয়া বিভিন্ন অঙ্গীকার পূরণের জন্য দাতা গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
হাসিনা আশা প্রকাশ করেছেন, বৈঠকের সুপারিশমালা তার সরকারের ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়নে সহায়ক হিসেবে কাজ করবে।
প্রায় সাড়ে চার বছর পর ঢাকায় দাতা গোষ্ঠীর এ বৈঠক বসেছে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিডিএফের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আমি আশা করি, এ ফোরাম অবশ্যই আমাদের উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে।
"এখান থেকে যে সুপারিশমালা বেরিয়ে আসবে তা আমাদের আর্থ-সামাজিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর সমন্বয়ের একটি উন্নততর কৌশল উদ্ভাবন এবং সরকারের অগ্রাধিকার ও ভিশন ২০২১ বাস্তবায়নে গাইডলাইন হিসেবে কাজ করবে।"
জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোর প্রতিশ্র"ত অর্থ দ্রুত পাওয়ার প্রয়োজনের কথা জানান হাসিনা। জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়গুলোও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "আমাদের এসব উদ্যোগ এগিয়ে নেওয়ার জন্য কোপেনেহেগেন সম্মেলনে যে তহবিল গঠনের অঙ্গীকার করা হয়েছিলো, তা দ্রুত বিতরণ করা প্রয়োজন।
"আমাদের উন্নয়ন সহযোগীরা জলবায়ু পরিবর্তনের প্রভাবের ভয়াবহ দিকটি বিবেচনা করে ব্রাসেলস প্রোগ্রাম অব অ্যাকশন-এর আওতায় তারা তাদের জাতীয় আয়ের শূন্য দশমিক ৭ শতাংশ উন্নয়নশীল দেশের জন্য এবং শূন্য দশমিক ২ শতাংশ স্বল্পোন্নত দেশসমূহের জন্য প্রদানের যে অঙ্গীকার করেছিল তার দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।"
বিডিএফের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গেরেরো, এশীয় উন্নয়ন ব্যাংকের দক্ষিণ এশিয়া দপ্তরের মহাপরিচালক সুলতান হাফিজ রহমান, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল কো-অপারেশন ব্যুরোর উপ-মহাপরিচালক কাজু সুনাগা, ডিএফআইডির আবাসিক প্রতিনিধি ও ঢাকায় দাতাগোষ্ঠীর সমন্বয়ক ক্রিস অস্টিন প্রমুখ।
এবারের ফোরামে বাংলাদেশের পক্ষে উপস্থাপন করা মূল বিষয় হলো- সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি-২)।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সাংবাদিকদের বলেন, "ফোরামে সংশোধিত পিআরএসপি-২ এর এনডোরসমেন্ট পাবো বলে আমরা আশা করছি।"
পিআরএসপি-২ থেকে ২৪৬ দশমিক ৮২ বিলিয়ন টাকা বাড়িয়ে সংশোধিত পিআরএসপি-২ বাস্তবায়নের মোট ব্যয় ধরা হয়েছে ২৮১৪ দশমিক ৮১ বিলিয়ন টাকা। সম্পদের ঘাটতি ধরা হয়েছে ৮৭৪ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।
দু'দিনের বৈঠকে ৬টি অধিবেশনে আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা হবে।
বিষয়গুলো হলো
bdnews24