ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানব সম্পদ ও অবকাঠামো উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে করা সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) মোড়ক উন্মোচন করা হয়েছে।
তিন বছর মেয়াদের (২০০৮-০৯ অর্থবছর থেকে ২০১০-১১ অর্থবছর) এ কৌশলপত্রের দেড় বছরেরও বেশি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আগামী প্রায় দেড় বছর অর্থাৎ ২০১১ সালের জুন পর্যন্ত এটি বহাল থাকবে।
রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার এর মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মোচনের পর অর্থমন্ত্রী বলেন, "এরপর আর পিআরএসপি থাকবে না। আমরা তখন পঞ্চবার্ষিকী বা এ ধরনের পরিকল্পনায় ফিরে যাবো।
"আমরা সংশোধিত পিআরএসপি আলোচনার জন্য সংসদে তুলেছিলাম। এছাড়া উন্নয়ন সহযোগীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিয়েই এটা করেছি।"
সংশোধিত কৌশলপত্রের মূল উদ্দেশ্যে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি খাতের সঠিক ভূমিকা নির্দিষ্ট করে সরকারি বেসরকারি অংশীদারিত্বকে উৎসাহিত করার মধ্যেই কৌশলের স্থায়িত্ব নির্ভর করবে।
সংশোধিত দ্বিতীয় পিআরএসপিতে চলতি অর্থবছরে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ শতাংশ এবং ২০১০-১১ অর্থবছরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ।
গত অর্থবছরে দেশে ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়।
দ্বিতীয় কৌশলপত্র থেকে ২৪৬ দশমিক ৮২ বিলিয়ন টাকা বাড়িয়ে সংশোধিত দ্বিতীয় কৌশলপত্র বাস্তবায়নের মোট ব্যয় ধরা হয়েছে ২৮১৪ দশমিক ৮১ বিলিয়ন টাকা। এতে সম্পদের ঘাটতি হিসাব করা হয়েছে ৮৭৪ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।
সংশোধিত পিআরএসপি-২ এ সবচেয়ে বেশি বরাদ্দ ধরা হয়েছে- শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় ৫৭৯ দশমিক ৩৪ বিলিয়ন, বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগসহ অবকাঠামো খাতে ৫২৯ দশমিক ৯৪ বিলিয়ন, সুশাসন ও পরিষেবা বাড়াতে ৩০০ দশমিক ৯৫ বিলিয়ন, কৃষি খাতে ১৪৯ দশমিক ২৮ বিলিয়ন এবং সামাজিক নিরাপত্তা খাতে ১৪৪ দশমিক ১৪ বিলিয়ন টাকা।
১৯৯৭-২০০২ মেয়াদে পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের পরপর বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন না করে দারিদ্র্য নিরসন কৌশলপত্র প্রণয়নের সিদ্ধান্ত নেয়। এরপর ২০০৫-২০০৮ মেয়াদের জন্য প্রথম পিআরএসপি বাস্তবায়ন হয়।
২০০৮ সালের ২৩ অক্টোবর বিগত তত্ত্বাবধায়ক সরকার দ্বিতীয় পিআরএসপি অনুমোদন করে।
চলতি বছরের ৯ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত দ্বিতীয় পিআরএসপি'র খসড়া অনুমোদিত হয়। এরপর ১৫ সেপ্টেম্বর সেই খসড়া জাতীয় সংসদে উপস্থাপন করা হয়। ১ নভেম্বর তা নিয়ে সংসদে আলোচনা হয়।
ডিসেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের অনুমোদন দেয়।
ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর অ্যাক্সিলারেটেড প্রভার্টি রিডাকশন নামে পিআরএসপি-২ এর শিরোনাম ছিলো-মুভিং ফরোয়ার্ড। সংশোধিত পিআরএসপি-২ শিরোনাম পরিবর্তন করে 'স্টেপ টুওয়ার্ডস চেইঞ্জ' করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/২০৩০ ঘ.
bdnews24