২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী দখলমুক্ত করতে এপ্রিলেই অভিযান

ঢাকার চারপাশের নদীগুলোর তীর দখলমুক্ত করতে এপ্রিলের শেষ দিকে ব্যাপক অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 01:31 PM

Updated : 24 Aug 2022, 06:48 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার চারপাশের নদীগুলোর তীর দখলমুক্ত করতে এপ্রিলের শেষ দিকে ব্যাপক অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, মার্চের মধ্যেই এসব নদীর সীমানা নির্ধারণের কাজ শেষ হবে। ঢাকার চারপাশের নদীগুলোর নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টাস্কফোর্সের এক সভা শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। শাহজাহান খান বলেন, "বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোর বেশকিছু অংশ প্রায় সাত হাজার প্রভাবশালী ব্যক্তির দখলে রয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকে এসব উদ্ধার হলেও তা নিয়ন্ত্রণে রাখা যায়না।" এ কারণে এপ্রিলেই অভিযান শুরু করা হবে বলে জানান তিনি। শাহজাহান খানের সভাপতিত্বে টাস্কফোর্সের সভায় অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, নৌ-পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বুড়িগঙ্গা নদী থেকে বর্জ্য তোলা ও বর্জ্য ফেলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শাজাহান খান সাংবাদিকদের জানান, গত ৬ জানুয়ারি থেকে বর্জ্য তোলা হচ্ছে। বর্তমানে বর্জ্য ফেলার জায়গাগুলো ভরাট হয়ে যাওয়ায় নতুন জায়গা খোঁজা হচ্ছে। এছাড়া বর্জ্য পুনপ্রক্রিয়াজাতকরণ এবং পুড়িয়ে ফেলার চিন্তা করা হচ্ছে। এজন্য বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যানকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। সাভারে নতুন ট্যানারি শিল্প এলাকায় বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন প্রসঙ্গে মন্ত্রী শাজাহান খান বলেন, "এজন্য আদালতের কাছে সময় চাওয়া হয়েছে। কারণ এতো অল্প সময়ের মধ্যে ইটিপি স্থাপন সম্ভব নয়।" এদিকে, বুড়িগঙ্গা থেকে বর্জ্য তোলার পর তা ফেলার স্থান নির্ধারণ নিয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, "এজন্য মেকানিজম (ব্যবস্থা) তৈরি করতে হবে। সেজন্য সরকার কাজ করছে।" পরিবেশ আইন সংশোধন করার প্রক্রিয়ার কথা তুলে ধরে তিনি আরো বলেন, "সংসদের আগামী অধিবেশনেই এ আইনটি পাস করা হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৯৩০ ঘ.