২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস-বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হোন: প্রধানমন্ত্রী

গ্যাস ও বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 12:39 PM

Updated : 24 Aug 2022, 06:48 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস ও বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্যাস ও বিদ্যুতের ওপর নির্ভরতা কমাতে সৌরশক্তি ব্যবহারের ওপর জোর দিয়েছেন তিনি। কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি রোববার সিদ্ধিরগঞ্জ বিদ্যুত কেন্দ্রের একটি ইউনিট আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "বর্তমানে দেশে মাত্র ৪৭ ভাগ জনগোষ্ঠি বিদ্যুত সুবিধা পাচ্ছে। বিদ্যুত ভোক্তার হার শতভাগে উন্নীত করে ২০২১ সালের মধ্যে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চাই।" সৌরশক্তি ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুত সাশ্রয়ে বর্তমানে তার (প্রধানমন্ত্রীর) কার্যালয়ে সৌরশক্তি ব্যবহার হচ্ছে। বিদ্যুত ঘাটতি মোকাবেলায় দেশের আটটি স্থানে তেলভিত্তিক ৫৩০ মেগাওয়াট ক্ষমতার রেন্টাল বিদ্যুত কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। বিদ্যুত খাতের উন্নয়নে ৩ হাজার ৫৭৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, বলেন তিনি। আমন মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করা হয়েছে জানিয়ে বর্তমান বোরো মৌসুমেও তা অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী। বিদ্যুতের বর্তমান সঙ্কটের জন্য চারদলীয় জোট সরকারের উদ্যোগহীনতাকে দায়ী করেন হাসিনা। তিনি বলেন, "পাঁচ বছরে এক মেগাওয়াট বিদ্যুতও তারা দিতে পারেনি। আমরা দায়িত্ব নেওয়ার পর মাত্র এক বছরে বিদ্যুত উৎপাদন ১ হাজার ৩১ মেগাওয়াট বেড়েছে।" নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এ কেন্দ্রটিতে মোট দুটি ইউনিট রয়েছে। প্রত্যেকটির উৎপাদন ক্ষমতা ১২০ মেগাওয়াট। অপর ইউনিটটি আগামী মার্চে চালু করার পরিকল্পনা রয়েছে। দেশে অব্যাহত বিদ্যুত সঙ্কট নিয়ে যখন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ যখন ভোগান্তি পোহাচ্ছে, তখনই ১২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ইউনিটটি চালু হলো। বর্তমানে সাড়ে ৫ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে দেশে বিদ্যুত উৎপাদন দৈনিক গড়ে ৪ হাজার মেগাওয়াট। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুত ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, "আমরা বিদ্যুত খাতে সুফল পেতে শুরু করেছি। তবে গ্যাসের ওপর নির্ভরশীলতা কাটানো জরুরি।" গ্যাসের অপচয়রোধে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে নারায়ণগঞ্জের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ সহজ করতে এলিভেটেড এক্্রপ্রেস, কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হবে। জলাবদ্ধতা নিরসন, সোনারগাঁওয়ে জ্যোতি বসুর বাড়িতে গ্রন্থাগার প্রতিষ্ঠাসহ ওই স্থানটিকে পর্যটন কেন্দ্রে রূপান্তর এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উন্নয়নের আশ্বাস দেন তিনি। তিনি বলেন, "আদমজী জুট মিলের দুই নম্বর মিলটি আবার চালু করা যায় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।" চারদলীয় জোট সরকারের আমলে আদমজী পাটকল বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুত কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী এনামুল হক, স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, বিদ্যুত বিভাগের সচিব আবুল কালাম আজাদ, এশীয় উন্নয়ন ব্যাংকের আবাসিক প্রতিনিধি পল জে হেইসেন্স, ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের (ইজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক মুর্তজা আলী বক্তব্য রাখেন। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে সিদ্ধিরগঞ্জ বিদ্যুত কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮৩০ ঘ.