মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে দাম বেশি হওয়ায় সরকারের আমন সংগ্রহ অভিযানে সাড়া মিলছে না। ফেব্রুয়ারির মধ্যে ২ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এ পর্যন্ত ২৫ হাজার টন চাল কেনার চুক্তি হয়েছে।
খাদ্য বিভাগ ও খাদ্য অধিদপ্তর আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে চালের আকারে তিন লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এর মধ্যে দুই লাখ মেট্রিক টন চাল ও এক লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান (যা চালের আকারে এক লাখ টনে দাঁড়াবে)। ধান পাওয়া না গেলে পুরো তিন লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য রয়েছে।
ফেব্র"য়ারি পর্যন্ত সংগ্রহ অভিযান চালানোর সিদ্ধান্ত থাকলেও আশাব্যঞ্জক সাড়া না পাওয়ায় সময় বাড়ানোর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব বরুণ দেব মিত্র।
গত ডিসেম্বর মাস থেকে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়। এ বছর ধানের সংগ্রহ মূল্য কেজি ১৪ টাকা এবং চালের কেজি ২২ টাকা নির্ধারণ করা হয়। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শনিবার খুচরা বাজারে মোটা চালের দাম ছিলো কেজি প্রতি ২৬ থেকে ২৮ টাকা।
খাদ্য বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমন সংগ্রহ অভিযান কার্যত 'ব্যর্থ' জানিয়ে বলেন, "চলতি মৌসুমে আমনের উৎপাদন বাম্পার বলা হলেও আসলে তা হয়নি। তাই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন সংগ্রহ সম্ভব হচ্ছে না।"
তবে আমন সংগ্রহ অভিযান এখনি ব্যর্থ মানতে নারাজ বরুণ দেব।
তিনি বলেন, সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে চালের দাম অনেক বেশি। তাই কৃষক এমনকি চালকল মালিকরাও সরকারি গুদামে চাল দিচ্ছে না।
"আমন সংগ্রহের সময় এখনো রয়েছে। প্রয়োজনে আরো সময় বাড়িয়ে এ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে", বলেন খাদ্য সচিব।
এর আগে জানুয়ারি মাসের শেষ দিনে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা সাংবাদিকদের বলেন, দুই মাসে দেশের বিভিন্ন এলাকায় ২২ হাজার ৫০০ মেট্রিক টন চাল সংগ্রহের চুক্তি হয়েছে অধিদপ্তরের সঙ্গে। তবে এ কার্যক্রমে তেমন সাড়া পাওয়ার আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি মাসের শেষ দিনে দেশে নয় লাখ টন খাদ্যশস্য মজুদ ছিল। যা আগামী বোরো মৌসুম পর্যন্ত দেশের খাদ্য চাহিদা পূরণে ব্যবহৃত হবে।
মজুদ বাড়াতে চাল আমদানির তৎপরতাও সরকার চালিয়ে যাচ্ছে বলে খাদ্য সচিব বরুণ জানান।
চালের অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে সরকার বর্তমানে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এছাড়া আগামী বোরো না ওঠা পর্যন্ত তিন মাসের জন্য ঢাকার নয় লাখসহ দেশের ২৫ লাখ পরিবারের মধ্যে কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে (ফেয়ার প্রাইস কার্ড) চাল বিক্রির কর্মসূচিও শুরু হচ্ছে। এজন্য দেড় লাখ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ২২ ফেব্র"য়ারি থেকে এ চাল বিতরণের কাজ শুরু করা হবে জানান খাদ্য সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১২৫০ ঘ.
bdnews24