সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগর ছাত্রলীগ নেতা এবিএম ফারুক হোসেন হত্যার জন্য ছাত্রলীগ জামায়াত-শিবিরকে দোষ দিলেও স্থানীয়দের অনেকেই মনে করছেন, এ হত্যাকাণ্ড রাজনৈতিক নয়।
এ ঘটনায় শনিবার বিকাল পর্যন্ত কোনো মামলাও হয়নি।
হত্যাকারীরা ফারুকের পরিচিত বলে ধারণা করছেন ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর।
মানিকদির একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে নিয়ে শুক্রবার রাত ৯টার দিকে ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি ফারুককে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ক্যান্টনমেন্ট থানার ওসি হোসনা আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল পর্যন্তওই ঘটনায় কোনো মামলা হয়নি।
আওয়ামী লীগ নেতা মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যার কিছু সময় পরে কয়েকজনের সঙ্গে ফারুককে আদর্শ বিদ্যা নিকেতনের ভেতরে ঢুকতে দেখেছে অনেকে। ভেতরে বসে তারা কথা বলছিলো। রাত সাড়ে ৯টার দিকে ফারুককে গুলি করে অন্যরা পালিয়ে যায়।"
এ থেকে তিনি ধারণা করছেন, হত্যাকারীরা ফারুকের পূর্ব পরিচিত।
ক্যান্টনমেন্ট থানা যুবলীগের আহ্বায়ক বশীর আহমেদ বলছেন, ফারুক হত্যার জন্য দায়ী সংঘবদ্ধ মাদক চক্র।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যান্টনমেন্ট এলাকার মাদক ব্যবসা প্রতিরোধে ফারুক বিভিন্ন পদক্ষেপ নিতে চেয়েছিলো। এ কারণে তারাই পরিকল্পিতভাবে ফারুককে হত্যা করেছে।"
মাদক চক্রের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, "তাদের হাত অনেক বড়। নাম বললে আমাকেও মেরে ফেলবে। শুধু বলি, তাদের পেছনে অনেক বড় বড় নেতার সাপোর্ট আছে।"
স্থানীয় সূত্রগুলো বলছে, গত কয়েকমাসে মানিকদি, বালুঘাট এলাকায় মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য বেড়েছে।
গত ১৪ মাসে মানিকদিতে মোট ৯টি খুনের কারণ মাদক বিক্রি ও চাঁদাবাজি বলেই মনে করছে স্থানীয়রা।
গুলিবিদ্ধ ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ছাত্রলীগ সেখানে মিছিল করে। এ হত্যাকাণ্ডের জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করের ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
ফারুকের পরিবার অবশ্য হত্যার কারণ সম্পর্কে কোনো ধারণা দিতে পারছে না।
তার বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাজী মোবারকউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফারুকের হত্যার কারণ বা এর সঙ্গে জড়িত কারা সে বিষয়ে এখনো কাউকে সন্দেহ করতে পারছি না।"
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শুক্রবার ভোররাতে শাহাদত নামের স্থানীয় একটি দোকান কর্মচারীকে আটক করা হয়েছে। এছাড়া স্কুলটির নৈশ প্রহরী গোলাম হোসেন, স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম ও সোহেল রানাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/জিএনএ/১৮০০ ঘ.
bdnews24