২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল পাখা তৈরির কারখানায় আগুন

রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড়ে শুক্রবার বিকালে আগুনে একটি নকল বৈদ্যুতিক পাখা তৈরির কারখানা পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 02:29 PM

Updated : 24 Aug 2022, 06:45 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড়ে শুক্রবার বিকালে আগুনে একটি নকল বৈদ্যুতিক পাখা তৈরির কারখানা পুড়ে গেছে। দমকল বিভাগের কমকর্তা পারভীন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪ টায় ধোলাইপাড় মোহনপুর বেকারির পেছনে এলিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি পাখা তৈরির কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বিভাগের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকাল ৪টা ৫০ মিনিটে আগুন নেভানো হয়। কারখানার ব্যবস্থাপক আবদুর রহিম বলেন, "এখানে জিএস ন্যাশনাল ফ্যান, জিএস ভিআইপি, জিএস নাদিম ফ্যান তৈরি করা হতো। আগুনে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।" রহিম দাবি করেন, বিভিন্ন ব্রান্ডের নামের আগে জিএস লাগিয়ে তিনি আলাদা অনুমতি নিয়েছেন। তবে কোথা থেকে কবে অনুমতি নিয়েছেন, তা বলতে পারেননি তিনি। শ্যামপুর থানার ওসি মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধোলাইপাড় এলাকায় যেসব কারখানায় ফ্যান তৈরি হয়, তাদের বেশিরভাগেরই অনুমতি নেই। বিভিন্ন কম্পানির নাম ব্যবহার করে এরা নকল ফ্যান তৈরি করে। কিছুদিন আগে অভিযান চালিয়ে কয়েকটি কারখানা বন্ধ করে দেওয়াও হয়।" তিনি বলেন, এই কারখানাটির যদি অনুমতি না থাকে তা প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএনএ/২০০৭ ঘ.