২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জসিমকে বাদ রেখে ভোলায় নির্বাচনের দাবি হাফিজের

ভোলা-৩ আসনে আওয়ামী লীগের মো. জসিমউদ্দিনকে বাদ রেখে অপর প্রার্থীদের নিয়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন ওই আসনে বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 09:18 AM

Updated : 24 Aug 2022, 06:46 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনে আওয়ামী লীগের মো. জসিমউদ্দিনকে বাদ রেখে অপর প্রার্থীদের নিয়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন ওই আসনে বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ। চাকরি থেকে অবসরের পর নির্ধারিত সময়ের আগেই জসিমউদ্দিন নির্বাচনে অংশ নেওয়ায় তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করে আদালত। এর ভোলা-৩ আসন শূন্য ঘোষণা করা হয়েছে। তিন মাসের মধ্যে সেখানে আবার নির্বাচন হবে। অবসর নিয়ে যে সময়ের পর নির্বাচনে অংশ নেওয়া যায়, সে সময় ২০০৮ এর ২৮ ডিসেম্বর না হলেও এখন জসিমউদ্দিন পেরিয়ে এসেছেন। হাফিজ শুক্রবার তার বনানীর বাড়িতে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "ওই নির্বাচনে আমরা চারজন প্রার্থী ছিলাম। আমি বৈধ প্রার্থীদের মধ্যে নির্বাচন চাই। আসনটি শূন্য ঘোষণা হওয়ায় তিনজন বৈধ প্রার্থীর মধ্যে পুনর্নির্র্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানাচ্ছি।" ওই আসনটিতে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও বলিষ্ঠ দায়িত্ব পালনেরও আহবান জানান সাবেক এ সেনা কর্মকর্তা। নবম সংসদ নির্বাচনে ৯৬ হাজার ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা জসিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজ পেয়েছিলেন ৮৩ হাজার ১২৩ ভোট। অপর দুই প্রার্থী ছিলেন ইসলামী আন্দোলনের মো. নূরুল ইসলাম (১৬৩৯ ভোট) ও স্বতন্ত্র সিদ্দিকুর রহমান মান্না (১২০৭ ভোট)। ওই নির্বাচনে কারচুপি করে জসিমকে জেতানো হয়েছিলো বলে অভিযোগ করেন বিএনপির সহসভাপতি হাফিজ। তিনি বলেন, "ওই সময় সুষ্ঠু নির্বাচন হলে আমাকে এক বছর সংসদের বাইরে থাকতে হতো না। প্রশাসনিক কারচুপির মাধ্যমে ১২ হাজার ভোটের ব্যবধান দেখিয়ে আমাকে হারানো হয়।" হাইকোর্টের আদেশ হওয়ার কিছু দিন পর ভোলা-৩ আসন শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের আগে সংসদ অধিবেশনে জসিমকে অংশ নিতে দেখা যায়। "এটা সর্বোচ্চ আদালতের প্রতি অশ্রদ্ধার শামিল", বলেন হাফিজ। ভোলায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেছেন হাফিজ। তার আশঙ্কা, এটা নির্বাচনেও প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, সেখানে চাঁদাবাজি ও সন্ত্রাসে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হয়রানিমূলক মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে। "খোদ আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভোলা-৩ এ আসনের অবৈধ প্রার্থীর (জসিম) বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। এরকম অবস্থায় ভোলায় সুষ্ঠু নির্বাচন হবে কিনা- তা নিয়ে আমি সন্দিহান।" তবে বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করে হাফিজ আশা করছেন, আমি আশা করব ইসি বলিষ্ঠ ভূমিকা রাখবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/১৫০০ ঘ.