প্রবীর কুমার সরকার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরো ময়মনসিংহ অঞ্চলের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে আরো বিদ্যুত যোগ হবে- এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলেও গ্যাস সঙ্কটে সিদ্ধিরগঞ্জ বিদ্যুত কেন্দ্রের দুই ইউনিটের একটির পরীক্ষামূলক উৎপাদনেই বিড়ম্বনা ঘটছে।
ফলে আগামী মার্চ মাসে ইউনিটটি থেকে বাণিজ্যিকভিত্তিতে বিদ্যুত উৎপাদনের কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের একজন কর্মকর্তা।
কেন্দ্রটির দুটি ইউনিটের প্রত্যেকটির উৎপাদন ক্ষমতা ধরা হয়েছে ১২০ মেগাওয়াট। এর একটির পরীক্ষামূলক উৎপাদন গত নভেম্বর মাসে শুরু হয়। তারপর দেখা যায়, চাহিদামাফিক গ্যাস পেলে তা ক্ষমতার সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।
পরীক্ষামূলক উৎপাদন কেমন চলছে- জানতে চাইলে প্রকল্প পরিচালক রহমত উল্লাহ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্যাস সরবরাহ ঠিক থাকলে উৎপাদন হয়। গ্যাসের চাপ কমলে উৎপাদন বন্ধ রাখতে হয়। তবে যতটুকু উৎপাদন হচ্ছে আমরা তা জাতীয় গ্রিডে দিচ্ছি।"
দ্বিতীয় ইউনিটটি মার্চ মাসে উৎপাদনে যেতে পারবে আশা প্রকাশ করে তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে এখান থেকে জাতীয় গ্রিডে আরো বিদ্যুত যোগ করা যাবে।
রহমত উল্লাহ বলেন, সিদ্ধিরগঞ্জ কেন্দ্রে ২৪০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হলে তা ময়মনসিংহ (২০০ মেগাওয়াট), সিলেট (১৯৮ মেগাওয়াট) বা রংপুর (১৭৫) অঞ্চলের চাহিদা মেটানোর পাশাপাশি গ্রাহক বাড়ানোর সুযোগ করে দেবে।
তীব্র বিদ্যুৎ সঙ্কটে বাংলাদেশের অর্থনীতির পাশাপাশি গ্রাহকরাও (প্রায় অর্ধেক জনগোষ্ঠী) অবর্ণনীয় ভোগান্তিতে আছে।
২০১০ সালের ২ ফেব্র"য়ারি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ছিল মোট চাহিদার (৪৪০০ মেগাওয়াট) ৭০ শতাংশের কিছু বেশি।
ওই দিন ৩৬৬১ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলেও সরবরাহ ঘাটতি ছিল ৫৮৪ দশমিক ৫ মেগাওয়াট।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের এ প্রকল্প বাস্তবায়ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ। ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড রয়েছে প্রকৌশল, সংগ্রহ ও নির্মাণের দায়িত্বে।
সর্বোচ্চ চাহিদার সময় (দৈনিক আট ঘণ্টা) বিদ্যুত উৎপাদনই ছিল সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের মূল উদ্দেশ্য।
"তবে বিদ্যুত পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমরা একটানা প্ল্যান্টটি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি", বলেন রহমত উল্লাহ।
তিনি জানান, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের জন্য তারা তিতাস, পেট্রোবাংলাসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে জানালেও এখনো কোনো সুরাহা হয়নি।
সিদ্ধিরগঞ্জ বিদ্যুত কেন্দ্রের জন্য প্রতিদিন প্রায় ২৪ লাখ ঘনফুট গ্যাস প্রয়োজন।
তবে এ মুহূর্তে পর্যাপ্ত গ্যাস সরবরাহের কোনো নিশ্চয়তা দিতে পারছেন না গ্যাস সরবরাহকারী কর্তৃপক্ষ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আজিজ খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমস্যার কোনো সমাধান এ মুহূর্তে নেই।
"গ্যাস উৎপাদন বাড়লেই কেবল অবস্থার উন্নতি হবে", বলেন তিনি।
অবশ্য প্রকল্প পরিচালক রহমত উল্লাহ আশা করছেন, বাখরাবাদ গ্যাস ক্ষেত্রের সঙ্গে সংযোগকারী নির্মাণাধীন একটি সরবরাহ লাইনের কাজ শেষ হলে মেঘনাঘাট ও হরিপুরের সঙ্গে সিদ্ধিরগঞ্জ বিদ্যুত কেন্দ্রেও গ্যাস সরবরাহের উন্নতি হবে।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্প বাস্তবায়ন করছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। ২০১২ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এজে/এমআই/১১২২ ঘ.
bdnews24