ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির একটি ভবনের ১১ তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত সাড়ে ১১টার দিকে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাত পৌনে ১২টার দিকে দমকলের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো ডাম্পিং ডাউন (পুড়ে যাওয়া জিনিসপত্র সরানো) চলছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।"
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জাপান গার্ডেন সিটির ভেতরে ৬ নম্বর ভবনের ১১ তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট সেখানে ছুটে যায়।
এর আগে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দার জানান, ৬ নম্বর ভবনটির উত্তর ও দক্ষিণ দু' পাশ দিয়েই আগুনের শিখা দেখা গেছে। পাশের ভবনগুলো থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় দমকল কর্মীরা।
এ সময় হাজার হাজার লোক জড়ো হওয়ায় রাস্তা বন্ধ হয়ে যায়।
ভবনটির দোতলার বাসিন্দা জসীম উদ্দীন জানান, আগুন লাগার পর ফ্লোরগুলোতে কেউ ছিল না। সবগুলো ফ্লোরের বাসিন্দারা ফ্ল্যাটে তালা লাগিয়ে নিচে নেমে যান।
ভবনের ৯ তলার বাসিন্দা রিয়াজ হাসান জানান, পৌনে ১০টার দিকে আগুন আগুন চিৎকারে তারা সবাই নিচে নেমে আসেন।
পাশের ফ্লাটের (১১০২ নম্বর ফ্লাটের) বাসিন্দা বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের মহাব্যাবস্থাপক নারায়ণ সরকার বলেন, এক বছর থেকে ওই ফ্ল্যাটটিতে কাঠের কাজ চলছে। প্রতিদিন মিস্ত্রীরা এসে কাজ করে চলে যায়। মালিক এখনো সেখানে ওঠেননি।
তিনি বলেন, "আমি ও আমার স্ত্রী আগুন লাগার খবরে দ্রুত নেমে আসি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/ডিডি/এইচএ/০০১০ ঘ.
bdnews24