২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

সিরাজগঞ্জ পৌর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 03:23 PM

Updated : 24 Aug 2022, 06:44 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ পৌর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন। সংঘর্ষের জন্য দুটি সংগঠনই পরস্পরকে দায়ী করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও ৩২ রাউন্ড টিয়ার-শেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মোশারফ হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, সংঘর্ষে তিনজন পুলিশ আহত হয়েছে। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল সিদ্দিক হোসেনসহ ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও শহরের কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শহর শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আসলাম উদ্দীন জানান, কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা ও শহর ছাত্রদল বিকালে প্রতিবাদ সভা করে। এরপর একটি মিছিল নিয়ে ইলিয়ট ব্রিজের কাছে পৌঁছালে ছাত্রলীগ কর্মীরা মিছিলে হামলা চালায়। ছাত্রদল নেতা-কর্মীরাও প্রতিরোধ করলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে তিনি জানান। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেহাদ-আল-ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার জন্য ছাত্রলীগ নেতা-কর্মীরা বিকালে তাদের কার্যালয়ে জমায়েত হয়। ছাত্রদলের বিক্ষোভকারীরা মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিনা উস্কানিতে হামলা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৫ ঘ.