ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গাড়িতে হামলা হয়েছে। এ সময় তিনি গাড়িতে থাকলেও অক্ষত আছেন।
নগরীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার মাহাতাবউদ্দীন।
তিনি বলেন, "তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশের কাছে পাওয়া তথ্যমতে সাতরাস্তা থেকে মহাখালী যাওয়ার পথে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা তার গাড়ির পেছনে হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে গাড়ির পেছনের কাচ ক্ষতিগ্রস্ত হলেও মাহমুদুর রহমান অক্ষত রয়েছেন।"
তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে শিল্পাঞ্চল থানা থেকে জানানো হয়েছে।
আমার দেশ পত্রিকার একজন প্রতিবেদক জানান, সন্ত্রাসীরা সম্পাদকের গাড়ি (ঢাকা মেট্রো- ঘ ১১ ৭৯০৮) লক্ষ করে হাতুড়ি ছুঁড়ে মারে। এতে পেছনের কাঁচটি ভেঙে যায়। গাড়ির ভেতরে হাতুড়িটি পাওয়া গেছে। তবে কারা কীভাবে কোত্থেকে সেটি ছুঁড়ে মারে তা সম্পাদক বা গাড়ির চালক কেউই দেখেননি।
মাহমুদুর রহমান কারওয়ান বাজারে অবস্থিত পত্রিকাটির কার্যালয় থেকে উত্তরার বাসায় ফিরছিলেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/জিএনএ/২১১৪ ঘ.
bdnews24