ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে যোগ দেওয়ার চার ঘণ্টার মধ্যে ওয়াক আউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পদত্যাগ দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বৃহস্পতিবার রাতে এক এক সংবাদ ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমেদ বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি।" (আরো তথ্যসহ)
কথা বলতে না দেওয়ার অভিযোগে সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে বিএনপির সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
অধিবেশনে ফেরার বিষয়ে জানতে চাইলে মওদুদ বলেন, "সরকারি দলের আচরণ পরিবর্তন না হলে পরে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তবে সংসদে আর ফিরে যাব না- তা আমরা বলছি না।"
মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন শুরু হলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার ওপর ৩০০ বিধিতে বিবৃতি দেন।
বিবৃতির পরপরই বিরোধী দলের সিনিয়র সাংসদরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর 'কটুক্তিমূলক' বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানিয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে চান।
স্পিকার তাদের ফ্লোর না দেওয়ায় এসময় বিরোধী সংসদ সদস্যরা চিৎকার করে ফাইল ছুড়ে মারে।
এরপর ৭টা ৫ মিনিটে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিসহ শরিক দলের সাংসদরা ওয়াক আউট করেন।
৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এক পর্যায়ে 'খুনি মোশতাক-জিয়া চক্র জামায়াত-শিবিরকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে এবং তাদেরকে রাজনীতিকে পুনর্বার্সিত করেছে'-বলে মন্তব্য করে।
সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বিএনপি নেতা মওদুদ স্পিকার আবদুল হামিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, "আমরা আশা করেছিলাম স্পিকার নিরপেক্ষ থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমানকে খুনি বলেছেন। অথচ তিনি বলেছিলেন, বিদ্বেষমূলক বক্তব্য এক্সপাঞ্জ করবেন। কিন্তু তিনি তা করেননি। বরং বিরোধী দলকে কথা বলতে না দিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রীকে সমর্থন করেছেন।"
তিনি আরো বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ শেখ ফজলুল করিম সেলিমও প্রয়াত নেতা জিয়াউর রহমানের লাশ নিয়ে কটুক্তিমূলক বক্তব্য রেখেছেন। আমরা ওইসব বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিতে স্পিকারের দৃষ্টি আকর্ষণে ফ্লোর চেয়েছিলাম।"
সাংসদ এম কে আনোয়ার অভিযোগ করেন, সিদ্ধান্ত প্রস্তাবের সময়ে আওয়ামী লীগের একজন মহিলা সাংসদ বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে অকথ্যভাষায় গালিগালাজ করেছেন, অথচ স্পিকার তার বক্তব্য এক্সপাঞ্জ করেননি।
সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র আবু বকর, ওয়ার্ড কমিশনার হাজী আহমেদ হোসেনসহ গত কয়েকদিন হত্যাকাণ্ডের পর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কোনো বিবৃতি দেননি। বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন- এমন ঘটনা ঘটতেই পারে। এটা বিচ্ছিন্ন ঘটনা। অথচ রাজশাহীর ঘটনাকে তিনি নির্দিষ্ট ঘটনা হিসেবেই দেখছেন।"
সংবাদ ব্রিফিংয়ে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, জামায়াতে ইসলামীর দুই সাংসদ শামসুল ইসলাম, হামিদুর রহমান আযাদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান উপস্থিত ছিলেন।
৬৪ দিন পর বৃহস্পতিবার বিকালে সংসদ অধিবেশনে যোগ দেয় বিএনপি।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বেলা ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যরা সোয়া ৩টার দিকে সংসদে ঢোকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এজে/এএল/জিএনএ/২১০৬ ঘ.
bdnews24