২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বাড়িতে ডাকাতের হানা, আহত ৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি এবং চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় তিনটি বাড়িতে বৃহস্পতিবার রাতে ডাকাতরা হানা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 01:54 PM

Updated : 24 Aug 2022, 06:44 PM

ঢাকা, ফেব্র"য়ারী ১১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি এবং চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় তিনটি বাড়িতে বৃহস্পতিবার রাতে ডাকাতরা হানা দিয়েছে। শ্রীমঙ্গলের ভীমসি গ্রামে এক বাড়িতে ডাকাতির চেষ্টার সময় গ্রামবাসী এগিয়ে গেলে ডাকাতদের হামলায় পাঁচজন আহত হন। এলাকাবাসী দুই ডাকাতকে ধরে মারধরের পর পুলিশে দিয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মধ্য অলিপুর গ্রামে তিন বাড়িতে হানা দিয়ে ডাকাতরা টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: মৌলভীবাজার: শ্রীমঙ্গল সোনালী ব্যাংকের ক্যাশ কর্মকর্তা বিধান চন্দ্র আচার্যের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গ্রামবাসী ছুটে গেলে তাদের ওপর হামলা চালায় ডাকাতরা। আহতরা হলেন- বিধান চন্দ্র আচার্য (৪৫), তার স্ত্রী স্বপ্না আচার্য (৩৬), ফিরু দাশ (৪২), অমরি দাশ (২৯) ও শ্রীকান্ত (২১)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিধান চন্দ্র আচার্য জানান, রাত ৩টার দিকে ১৫/১৬ জনের মুখোশপরা ডাকাতদল দা, রড়, ছুরি প্রভৃতি নিয়ে টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। পরে ডাকাতরা তাদের মারধর করে একটি আংটি ও কানের দুল ছিনিয়ে নেয়। এ সময় তার স্ত্রী স্বপ্না চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। তিনি জানান, ডাকাতরা পালানো সময় এলাপাথাড়ি দা দিয়ে কুপিয়ে পাঁচ গ্রামবাসীকে আহত করে। গ্রামবাসী ধাওয়া করে দুই ডাকাতকে পাকড়াও করে মারধর করে। খবর পেয়ে টহল পুলিশ তাদের গ্রেপ্তার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরা হলেন- নূর আলম (২৫) ও মালেক মিয়া (২১)। শ্রীমঙ্গল থানার ওসি এনামুল মনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। চাঁদপুর: হাজীগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, রাত আড়াইটায় ১৪/১৫ জনের একদল ডাকাত মধ্য অলিপুর গ্রামের নুরুল ইসলাম বেপারী, শহিদ উল্লাহ মিজি ও রশিদ বেপারীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। ডাকাতরা এ তিন বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে বলে ক্ষতিগ্রস্তরা পুলিশের কাছে অভিযোগ করেছেন। ওসি জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কেউ আটক হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫১ ঘ.