ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিট আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যমুনা কর্তৃপক্ষের আপিল আবেদনও খারিজ হয়েছে।
ফলে নির্মাণাধীন যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙ্গতে আর কোনো বাধা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন রাজউকের আইনজীবী এ এফ এম মেসবাহউদ্দিন।
প্রধান বিচারপতি ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার সকালে যমুনার আপিল আবেদন খারিজের আদেশ দেন।
ছয়তলার অনুমোদন নিয়ে এর চেয়ে উঁচু ভবন নির্মাণ করে যমুনা বিল্ডার্স। এ কারণে গত ১৭ জানুয়ারি যমুনা কর্তৃপক্ষকে অননুমোদিত অংশ ভাঙ্গার নির্দেশ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
এরপর যমুনা গ্র"পের কর্ণধার ও দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুল একটি রিট আবেদন করেন, যা হাইকোর্ট খারিজ করে দেয়। এর পর গত বৃহস্পতিবার ভাঙ্গার কাজ শুরু করে রাজউক।
তা ঠেকাতে এ সপ্তাহে আপিল বিভাগে আপিলের আবেদন করে যমুনা, যা বৃহস্পতিবার খারিজ হলো।
১০ একর জায়গার ওপরে নির্মিত হচ্ছে দেড়লাখ বর্গমিটারের যমুনা ফিউচার পার্ক। নির্মাতা প্রতিষ্ঠান যমুনা গ্র"পের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও এশিয়ার মধ্যে তৃতীয় বৃহৎ শপিংমল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১০৪০ ঘ.
bdnews24