২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষা শুরু

সারাদেশে বৃহস্পতিবার একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার ১২ লাখ ৬ হাজার ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 04:31 AM

Updated : 24 Aug 2022, 06:45 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে বৃহস্পতিবার একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার ১২ লাখ ৬ হাজার ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর পরপরই শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, "পরীক্ষার্থীরা নিরুদ্বেগভাবেই পরীক্ষা দিচ্ছে। প্রশ্ন ভালো হয়েছে বলে তারা জানিয়েছে।" এবারই প্রথম সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত চার বছর ধরে এ প্রশ্ন পদ্ধতির ওপর প্রস্তুতি নেওয়া হয় বলে জানান নাহিদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নিহত হওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষা জীবনের শেষ সময়ে এসে এ রকম মৃত্যু কারোরই কাম্য নয়।" সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার এমন সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে সরকার কাজ করে যাচ্ছে জানান তিনি। শিক্ষামন্ত্রী বুধবার পরীক্ষা অনুষ্ঠানের প্রস্তুতির নিয়ে সংবাদ সম্মেলনে জানান, শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ, সুষ্ঠ ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দিতে পারে সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো কেন্দ্রে নকলের অভিযোগ উঠলে ওই কেন্দ্র বাতিল করা হবে বলেও জানান তিনি। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৪৪টি কেন্দ্রে ২৬ হাজার ১৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ১২ লাখ ৬ হাজার ১৯ শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ৬ লাখ ২৭ হাজার ৬৭২ জন ছাত্র এবং ৫ লাখ ৭৮ হাজার ৩৪৭ জন ছাত্রী। শিক্ষামন্ত্রী বলেন, "এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নকল করতে সহায়তা করলে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার এবং শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বন্ধ করা হবে।" সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসিতে এবার অংশ নেবে ৯ লাখ ১৬ হাজার ১৮০ জন। মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলে মোট পরীক্ষার্থী ২ লাখ ১১ হাজার ৮৬০ জন। কারিগরি বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ৭৭ হাজার ৯৭৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/এমআই/১৩৫০ ঘ.