২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবুও সাহারার সন্তোষ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 03:41 PM

Updated : 24 Aug 2022, 06:43 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি বিশ্ববিদ্যালয়ে সংঘাতে দুই শিক্ষার্থীর মৃত্যু এবং মঙ্গলবার ঢাকায় এক ওয়ার্ড কমিশনার ও ব্যবসায়ী খুন হওয়ার পরদিন বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী এ দাবি করেন। সচিবালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন বর্তমান পরিস্থিতিতে তিনি সন্তুষ্ট কিনা। তবে তিনি এ প্রশ্নের কোনো উত্তর দেননি। এর আগে সাহারা খাতুন বলেন, "অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমান সরকারের আমলেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পেরেছি।" ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনার পর ওই ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' অভিহিত করে গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, "এটা কোনো ব্যাপার না। এমনটি ঘটতেই পারে।" বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রীর এ বক্তব্য প্রকাশ পেলে দু'দিন পর স্বরাষ্ট্রমন্ত্রণালয় ওই বক্তব্যের একটি ব্যাখ্যা দিয়ে বলে, মন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি এমনটি বলেননি। ঢাকায় দু'দিনে ছয় খুন এদিকে মঙ্গলবার ও বুধবার দুই দিনেই রাজধানী ও এর সংলগ্ন কেরানীগঞ্জে খুন হয়েছেন ছয়জন। এদের মধ্যে ঢাকা মহানগর যুবদল (দক্ষিণ)-র সভাপতি ও ৭০ নম্বর ওয়ার্ড কমিশনার হাজী আহমেদ হোসেন মঙ্গলবার রাতে প্রকাশ্যে আলুবাজার এলাকায় খুন হন। পুরনো ঢাকায় দিনে দুপুরে খুন হয়েছেন চাল ব্যাবসায়ী আফিলউদ্দীন। সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। একইদিন ভোরে খিলগাঁওয়ে ডাকাতদের হাতে প্রাণ হারান এক বৃদ্ধা। এছাড়া বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে একসঙ্গে দু' যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তাদের ছুরিকাঘাতে হত্যা করা হয়। এর কিছুক্ষণ পর একই থানা এলাকা থেকে আরও এক যুবকের লাশ উদ্ধার করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে সংঘাত এছাড়া গত একমাস ধরে শিক্ষা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা দেখা গেছে। এ সময়ের মধ্যে ছাত্র সংঘর্ষে দু' জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এরমধ্যে ১৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দু'পক্ষ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রদলের সভাপতি, পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। ২ ফেব্র"য়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হন। ওই ঘটনায় ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র আবু বকর হত্যার দায়ে এখনও কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এরপর ৪ ফেব্র"য়ারি ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় সাতদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ। সর্বশেষ ৮ ফেব্র"য়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত ও আহত হয় অন্তত ৩০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএমএ/এএল/জিএনএ/২১৩৬ ঘ.