গাজীপুর, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা এলাকায় বুধবার বিকালে আগুনে একটি স্পিনিং মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে আল্হামদুলিল্লাহ্ স্পিনিং মিলের সিমপ্লেক্স মেশিন, ব্লুরুম মেশিন, কার্ডিং মেশিন ও সুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
গাজীপুর, টঙ্গী ও ভালুকা থেকে আসা দমকল কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। তাৎক্ষণিকভাবে আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
গাজীপুর দমকল স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, বিকেল ৩টার দিকে কারখানার ভেতরে আগুন লাগে। খবর পেয়ে দমকল কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু কাছে পানি না পেয়ে দূরের একটি পুকুর থেকে এনে আগুন নেভাতে হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নেভে বলে তিনি জানান।
ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান ভালুকা দমকল স্টেশন কর্মকর্তা মোমেন মোর্শেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24