ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র শিবিরকে 'সন্ত্রাসী ও জঙ্গি' সংগঠন হিসেবে ঘোষাণার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নিহতের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে আইনজীবীরা 'পদক্ষেপ' নেবে।
বুধবার সুপ্রিম কোর্টের শামসুল হক চৌধুরী মিলনায়তনে সমিতির এক বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষে ছাত্রলীগকর্মী ফারুক নিহত হয়।
সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নিন্দা জানিয়ে বলা হয়, এই ঘটনা '৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের বর্বরতার কথা স্মরণ করিয়ে দেয়। ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সমিতির সভাপতি এ এফ এম মেসবাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির সম্পাদক শ. ম. রেজাউল করিম, এম আমির-উল ইসলাম, মনসুরুল হক চৌধুরী, শহীদুল করিম সিদ্দিক, মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, অপূর্ব ভট্টাচার্য, আজাহার উল্লাহ ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/জিএনএ/১৯৫৯ ঘ.
bdnews24