২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা চেয়ারম্যানদের আন্দোলন কর্মসূচি

উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 04:36 PM

Updated : 24 Aug 2022, 06:40 PM

সিলেট, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি দিয়েছে। সোমাবার দুপুরে নগরীর একটি হোটেলে সিলেট বিভাগের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে পরিষদের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় আন্দোলনের কর্মসূচি ঠিক করা হয়। এরপর তারা হযরত শাহজালাল (র) ও শাহপরান (রহ)-এর মাজার জিয়ারত করেন ও শপথ নেন। সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য তাদের এ আন্দোলন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১ মার্চ সকাল ১১টায় দেশের সকল উপজেলায় মানববন্ধন ও সমাবেশ এবং ১৫ মার্চ সকল জেলায় মানববন্ধন ও সমাবেশ করবেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। এ ছাড়া ৩০ মার্চ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে ঐক্য পরিষদ। ওইদিনই দাবি পূরণ করার জন্য প্রধানমন্ত্রীকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হবে। এরপরও দাবি না মানলে পরদিন থেকেই কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন'র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঐক্য পরিষদের আহবায়ক আব্দুল মজিদ ফটো, যুগ্ম আহবায়ক মো. মুহিবুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ হোসেন ফকু, ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক সরকার, ছাতকের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল প্রমুখ। সভায় সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনকে আহবায়ক ও গেলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামালকে সদস্য সচিব করে ঐক্য পরিষদের ৩১ সদস্যের সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/ডিডি/এমএইচবি/২২৩১ ঘ.