২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের মামলায় একজন গ্রেপ্তার

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে করা মামলায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রোববার গভীররাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 11:27 AM

Updated : 24 Aug 2022, 06:41 PM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে করা মামলায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রোববার গভীররাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছর আরেকটি মামলায় একই উপজেলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই বছরই রাজশাহীতে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হয় জামায়াতের স্থানীয় দুই কর্মীকে। গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের বাড়ি থেকে জিয়ামুদ্দীন (৭৫) নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার ওসি বাবর আলী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বাবাকে হত্যার অভিযোগে গত বছরের ৩০ ডিসেম্বর গোমস্তাপুর উপজেলার জিয়ানগর গ্রামের এনামুল হক চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঁচজনকে আসামি করে মামলাটি করেন। এই মামলায় জিয়ামুদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি জানান, বাদি এনামুল হক অভিযোগ করেন- জিয়ামুদ্দীনসহ পাঁচ আসামি মুক্তিযুদ্ধের সময় হানাদার পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিলেন। তারা এনামুলের বাবা আজিজুল হককে '৭১ এর ২৪ অক্টোবর হত্যা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৮ ঘ.