২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ টাকা দরে চাল

ঢাকা মহানগরীর স্বল্প আয়ের ৯ লাখ পরিবারকে ২২ টাকা কেজি দরে চাল দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 10:26 AM

Updated : 24 Aug 2022, 06:41 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর স্বল্প আয়ের ৯ লাখ পরিবারকে ২২ টাকা কেজি দরে চাল দেবে সরকার। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে চাল সরবরাহ শুরু হবে। প্রতি পরিবার মাসে পাবে ২০ কেজি চাল। খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক সোমবার খাদ্য পরিধারণ ও পরিকল্পনা কমিটির এক সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান। ঢাকার ৯০টি ওয়ার্ডের পাশাপাশি ঢাকা জেলার ২৫টি ইউনিয়নের প্রতিটিতে ১০ হাজার করে মোট আড়াই লাখ পরিবারও ২২ টাকা দরে চাল কেনার সুযোগ পাবে। এছাড়া বিভাগীয় শহরগুলোর প্রতিটি ওয়ার্ডের পাঁচ হাজার ও প্রতিটি জেলার ১০ হাজার পরিবারকে এ সহায়তা দেওয়া হবে। কারা এ চাল পাবেন- জানতে চাওয়া হলে রাজ্জাক বলেন, "যাদের কোনো স্থায়ী আয় নেই, নিজস্ব কোনো জমি নেই এবং যে সব পরিবার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুযোগ-সুবিধা নেয় না অথবা যে সব পরিবারের প্রধান নারী- তারা এ কর্মসূচির আওতায় আসবে।" একটি কার্ড করে এ চাল নিতে হবে। স্থানীয় সাংসদ ও ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলরদের সহায়তায় এ সব পরিবারের তালিকা তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলেও মন্ত্রী জানান। তিনি বলেন, এর পাশাপাশি খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রির কর্মসূচিও অব্যাহত থাকবে। বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় পরই দরিদ্রদের সহায়তায় সরকার এ কর্মসূচি গ্রহণ করলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/১৬২২ ঘ.