২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেখালেখি করে অবসর জীবন কাটাতে চান তাফাজ্জাল

দেশের সপ্তদশ প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামকে রোববার বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 04:29 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সপ্তদশ প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামকে রোববার বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনার আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেল অফিস। অনুষ্ঠানে বিচারপতি তাফাজ্জাল বলেন, "দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিচারপতি, আইনজীবী এবং গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তারা সত্যানুসন্ধান করবে।" বিশ্বায়নের এই যুগে আদালতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনাগত অবসর জীবন সম্পর্কে বিদায়ী প্রধান বিচারপতি বলেন, "বই পড়ে আর লেখা লেখির মাধ্যমে আমি আমার অবসর জীবন অতিবাহিত করবো বলে স্থির করেছি।" বিচারপতি তাফাজ্জলকে গত ১৫ ডিসেম্বর প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। রোববার ছিল প্রধান বিচারপতি হিসেবে তার শেষ কর্ম দিবস। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় চূড়ান্ত নিষ্পত্তির জন্য গঠিত আপিল বিভাগের বিশেষ বেঞ্চের প্রধান ছিলেন। এছাড়াও সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির জন্য গঠিত বেঞ্চেরও প্রধান ছিলেন তিনি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান বিচারপতির বিভিন্ন সাফল্য তুলে ধরে বলেন, "আদালতের অব্যবস্থা ও আমলাদের দুর্নীতির বিষয়ে যে তদন্ত কমিটি গঠন করেছিলেন, তার রির্পোট যেন চাপা পড়ে না যায়। যেন সেই রিপোর্ট প্রকাশ করে তার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।" সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মেসবাহ উদ্দিন বলেন, "প্রধান বিচারপতি হিসেবে আপনি স্বল্প সময়ের কার্যকালে দেশের আইনের শাসন ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত এবং আদালতের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে যে ঐতিহাসিক দৃষ্টান্ত রেখেছেন তা জাতি চিরকাল স্মরণ রাখবে।" সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান বিচারপতি হল রুমে গিয়ে আইনজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া কয়েকজন সিনিয়র আইনজীবীর কক্ষেও যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/এএল