সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর উপরিভাগের ফাটল মেরামতের কাজ শুরু হয়েছে রোববার।
সেতু রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান বঙ্গবন্ধু সেতু বিশেষ সংস্থার (বিবিএসও) তত্ত্বাবধানে সেনাবাহিনীর প্রকৌশলীদের একটি দল মেরামতের কাজ করছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংস্থার কর্মকর্তা মেজর মো. জাকির হোসেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে সেতুর পূর্ব পারের ৩০ থেকে ৪২ নম্বর পিলারের মাঝের প্রায় একশ' মিটার অংশে ফাটল মেরামতের কাজ শুরু হয়েছে। সেতু কর্তৃপক্ষের নির্দেশেই সেনাবাহিনীর প্রকৌশলীরা 'টেষ্ট এ্যান্ড ট্রায়াল' ভিত্তিতে প্রাথমিকভাবে এ কাজ করছে।
এতে সফল হলে আগামীতে সেনাবাহিনীর প্রকৌশলীরাই পুরো সেতুর ফাটল মেরামতের কাজটি করবে বলে মেজর জাকির জানান।
তিনি আরো জানান, মেরামত কাজের জন্য সেতুর ৩০-৪২ নম্বর পিলার পর্যন্ত উত্তর পাশের লেন ১৫ দিনের জন্য বন্ধ থাকবে। এ সময় দক্ষিণ পাশের লেন দিয়ে যানবাহন চলাচল করবে। এই অংশের কাজ শেষ হওয়ার পর একইভাবে দক্ষিণ অংশের কাজ করা হবে।
আগামী ২৮ ফেব্রয়ারির মধ্যেই এই একশ' মিটার অংশের ফাটল মেরামত কাজ শেষ হবে বলে মেজর জাকির আশা প্রকাশ করেন।
টাঙ্গাইল ও সিরাজগঞ্জের মধ্যে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুটি ১৯৯৮ সালে চালু হয়। দক্ষিণ কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির নির্মিত সেতুর উপরিভাগে এক দশকেরও কম সময়ের মধ্যে আকা-বাঁকা ও বিভিন্ন আকৃতির ফাটল দেখা দেয়।
পরে সরকারি এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, ট্রেন ও অতিরিক্ত যাত্রী ও পণ্য বোঝাই গাড়ি চলাচলের কারণে সৃষ্ট কম্পনের ফলে এই ফাটল দেখা দিয়েছে। তবে কোনো বিশেষজ্ঞ বলেছেন, সেতুর উপরিভাগে 'লেয়ার-কোট' প্রলেপে সমস্যা থাকায় এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আবার কেউ কেউ বলেছেন, সেতুর মূল পরিকল্পনায় না থাকলেও রেলপথ সংযোজনের কারণে এ ধরনের সমস্যা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24