২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলা: হাফিজুরের জবানবন্দি

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার হাফিজুর রহমান চট্টগ্রামের একটি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 06:26 PM

Updated : 24 Aug 2022, 06:37 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার হাফিজুর রহমান চট্টগ্রামের একটি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। শনিবার বিকাল ৫টায় মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে তার জবানবন্দি গ্রহণ শুরু হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডির সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আসামি হলেন হাফিজুর রহমান। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জবানবন্দি গ্রহণ চলছিল বলে তিনি জানান। ১০ ট্রাক অস্ত্র বহনকারী জাহাজের পরিচয় সনাক্তকরণের জন্য গত বুধবার তাকে হেফাজতে নিয়ে তিন দিন জিজ্ঞাসাবাদ করা হয়। গত ১৪ জানুয়ারি সিআইডি'র আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তিন দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। এ নিয়ে হাফিজকে তৃতীয় দফা জিজ্ঞাসাবদ করা হল। এর আগে গত বছরের ৫ মার্চ তিনি প্রথমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দির পরিপ্রেক্ষিতে এনএসআই'র সাবেক দুই প্রধানসহ পাঁচ সাবেক কর্মকর্তা ও চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সাবেক দুই কর্মকর্তাকে সিআইডি গ্রেপ্তার করে। মামলার আইও মনিরুজ্জামান আরো বলেন, অস্ত্র বহনকারী জাহাজের উৎস সন্ধানের জন্যই তাকে তৃতীয় দফা জিজ্ঞাসাবাদ করা হয়। ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে সিইউএফএল'র সংরক্ষিত জেটি ঘাটে দেশের সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের এই চালান আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/০০২৪ ঘ.