দিনাজপুর, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরামপুর পৌর এলাকা থেকে শনিবার বোমা তৈরির সরঞ্জামসহ চার আন্তজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার আনোয়ার (৪৫), বিরল উপজেলার কালাম (৩৮), কাহারোল উপজেলার আফজাল (৪০) এবং পার্বতীপুর উপজেলার সফিকুল (৩০)।
তাদের কাছ থেকে পুলিশ আড়াই শ' গ্রাম গান পাউডার, আড়াইশ গ্রাম পটাশসহ বেশকিছু কাচ, লোহার টুকরা ও সুতলী উদ্ধার করে।
বিরামপুর থানার ওসি এটিএম আমিনুল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদ পেয়ে পৌর এলাকার টাটকপুর ঈদগাহ মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের সঙ্গে থাকা আরো ৪/৫ জন পালিয়ে যায়। তারা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।
তাদের বিরুদ্ধে দিনাজপুরের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৭ ঘ.
bdnews24