শেরপুর, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় নাগরিকদের হামলায় সাত বাংলাদেশি আহত হয়েছেন।
শুক্রবার বিকালে গারো পাহাড়ের গজনী অবকাশ পিকনিক স্পটে ভ্রমণে আসা কয়েকজন ভুল করে সীমান্তের জিরো পয়েন্টে কাঁটা তারের বেড়ার কাছে গেলে হামলার শিকার হন বলে সাংবাদিকদের জানিয়েছেন ঝিনাইগাতী থানার ওসি আকরাম হোসেন।
হামলার শিকার ব্যক্তিদের মধ্যে সিরাজগঞ্জের বাহির গোলা গ্রামের রোকন সরকারের ছেলে আব্দুল মতিন (৪০), জানপুর গ্রামের বয়াত আলীর ছেলে দুলাল (৪৮), দত্তবাড়ীর আমিনুল তালুকদরের ছেলে সুমন তালুকদারকে (২০) প্রথমে ঝিনাইগাতী এবং পরে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবননিত ঘটায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
আহতরা জানান, ভারতীয় উপজাতীয়দের বাড়ির কাছে গেলে তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা তাদের কাছ থেকে মোবাইল ফোন সেট ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলেও তারা অভিযোগ করেন।
শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান জানান, অবকাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে ছিনতাই হওয়ার কোন সম্ভাবনা নেই। অন্য কোনো কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৮ ঘ.
bdnews24