সিলেট, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট থেকে শুরু হচ্ছে 'তৃণমূল বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভার ভূমিকা' শীর্ষক আলোচনা সভা।
শনিবার সকাল ১০টায় নগরীর এম সাইফুর রহমান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সিলেট বিভাগের চার জেলার দলের তৃণমূলের কর্মী-সমর্থকরা প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী।
সিলেট জেলা বিএনপির সভাপতি হিসাবে তিনি এ সভায় সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
ইলিয়াস আলী জানান, আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কামাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আহমদ কবির, এ এন এ এ মাহবুব আহমদ, এম রাশেদ হাসনাত, শামীমুর রহমান, নিয়াজ আহমদ চৌধুরী, এম আতাউর রহমান পীর, ফারুক চৌধুরী ও সৈয়দ আলী আহমদ উপস্থিত থাকার কথা রয়েছে।।
তিনি বলেন, ২০০৫ সালের জানুয়ারি মাসে দেশব্যাপী বিএনপির তৃণমূল কর্মসূচির অংশ হিসেবে সিলেটে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়েছিল। সেই সম্মেলনে ইউনিয়ন প্রতিনিধিদের দেওয়া মতামতগুলো নিয়ে সভায় আলোচনা হবে।
সিলেটসহ দেশের ১০টি স্থানে পর্যায়ক্রমে এ রকম আলোচনা সভা হবে বলে ইলিয়াস আলী জানান।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার জানান, বিভাগের চার জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিদের আলোচনা সভায় যোগদানের জন্য পরিচয়পত্র দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৩ ঘ.
bdnews24