গোপালগঞ্জ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকরের পর শুক্রবার প্রথম গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় বিদেশে থাকায় বেঁচে যান দুই মেয়ে।
৩৪ বছর পর বিচার প্রক্রিয়া শেষে গত ২৮ জানুয়ারি পাঁচ খুনিকে ফাঁসিতে ঝোলানো হয়। এর একদিন পরই দেশে আসেন যুক্তরাজ্যপ্রবাসী রেহানা।
ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে সকাল সোয়া ১১টার দিকে টুঙ্গীপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী; বোনকে নিয়ে বাবার কবরে ফুল দেওয়ার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
তাদের সঙ্গে ছিলেন চাচাতো ভাই শেখ হেলাল এবং ফুপাতো ভাইয়ের ছেলে ফজলে নূর তাপস। শেখ হেলালের বাবা শেখ আবু নাসের এবং তাপসের বাবা শেখ ফজলুল হক মনিও ১৫ আগস্ট প্রাণ হারিয়েছিলেন।
প্রধানমন্ত্রীসহ সবাই ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুর জন্য বিশেষ মোনাজাত করেন।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, আওয়ামী লীগ নেতা নাজমা আক্তারসহ দলের স্থানীয় নেতা-কর্মীরাও অংশ নেন মোনাজাতে।
এরপর বঙ্গবন্ধু ভবনে টুঙ্গীপাড়া, কোটালীপাড়াসহ গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
জুমার নামাজের পর বঙ্গবন্ধুর সমাধি সৌধ সংলগ্ন মসজিদে মিলাদ ও দোওয়া মাহফিল হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৫০ ঘ.
bdnews24