চাঁদপুর, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরের প্রফেসরপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে ছাত্র পরিচয়ে এক কলেজ শিক্ষকের বাসায় ঢুকে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।
ডাকাতির শিকার চাঁদপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক গোলাম মোস্তফা জানান, রাত সাড়ে ৯টায় দুই যুবক ছাত্র পরিচয় দিয়ে তার খোঁজে বাসায় ঢুকে। ওই সময় তিনি বাসায় ছিলেন না।
এ সময় যুবকরা মোস্তফার সাত বছরের মেয়ে অহনা'র গলায় ধারালো ক্ষুর ধরে স্ত্রী আয়েশা সিদ্দিকী আইরীনের হাত-পা বাঁধে। তারপর ল্যাপটপ কম্পিউটার, পাঁচ ভরি স্বর্ণালংকার, মোবাইল সেট, ভিডিও ক্যামেরাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
যাবার সময় যুবকরা বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে যায়। পরে অহনা তার বাবাকে ফোনে ঘটনাটি জানালে তিনি দ্রুত বাসায় আসেন।
এ ঘটনায় অধ্যাপক গোলাম মোস্তফা থানায় অভিযোগ করার পরে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ।
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৩১১ ঘ.
bdnews24