২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় থানার সংখ্যা ৫১টিতে উন্নীত করা হবে

ঢাকা মহানগরে থানার সংখ্যা ৫১টিতে উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 05:26 PM

Updated : 24 Aug 2022, 06:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরে থানার সংখ্যা ৫১টিতে উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগরের ৪১ তম থানা হিসেবে গেণ্ডারিয়া থানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পুরনো সূত্রাপুর থানা ভেঙে ঢাকা সিটি কর্পোরেশনের ৭৬, ৮১, ৮২ ও ৮০ নম্বর ওয়ার্ডের অংশবিশেষ নিয়ে গেন্ডারিয়া থানা গঠন করা হয়েছে। এর এখতিয়ারভূক্ত এলাকার আয়তন ২ দশমিক ১৮ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৩ লাখ ৫০ হাজার জন। বর্তমান গেন্ডারিয়া পুলিশ ফাঁড়ি ভবনে চলবে গেন্ডারিয়া থানার কার্যক্রম। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঢাকা মহানগরে এ নিয়ে ৬টি নতুন থানা চালু করা হলো। নতুন গঠিত অন্য থানাগুলো হলো- চকবাজার, কলাবাগান, রামপুরা, শেরেবাংলা ও বংশাল। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ঢাকা মহানগরীতে থানার সংখ্যা পর্যায়ক্রমে ৪১টি থেকে ৫১টিতে উন্নীত করা হবে। থানাগুলোতে প্রয়োজনীয়সংখ্যক যানবাহন, জনবল ও উন্নত প্রযুক্তির সরঞ্জাম সরবরাহ করা হবে।" তিনি কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় আন্দোলন করার জন্য সবার প্রতি আহবান জানান। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোন সময়ের চেয়ে ভাল বলে দাবি করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক, ঢাকা-৬ আসনের সাংসদ মিজানুর রহমান খান দিপু, ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩১৩ঘ.