ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধী হিসেবে পরিচিত সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সাবেক খাদ্য সচিব আইয়ুব মিয়া স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন।
বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
যুদ্ধাপরাধ তদন্তে নিয়োজিত সংগঠন 'ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি' (ডব্লিউসিএফএফসি)-র যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের তালিকায় তার নাম রয়েছে।
এ কারণে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিস্তর লেখালেখি হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ১৫ ফেব্র"য়ারি থেকে আইয়ুবের অবসরে যাওয়ার দিন কার্যকর হবে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এ কর্মকর্তা ওএসডি হিসেবে সংস্থাপন মন্ত্রণালয়ে নিযুক্ত রয়েছেন। এরআগে খাদ্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। গত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিবের দায়িত্বে ছিলেন।
এদিকে, বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় পৃথক আদেশে দুইজন ওএসডি যুগ্ম-সচিবকে পদায়ন করেছে।
এদের মধ্যে আবদুস সামাদকে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ে এবং জাকির হোসেনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৮৩০ ঘ.
bdnews24