ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার জেলার পর বুধবার থেকে দেশের অন্য বিভাগীয় শহরগুলোতেও খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম শুরু হচ্ছে।
নব গঠিত রংপুর বিভাগও এর আওতায় থাকবে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক মঙ্গলবার মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে একথা জানান।
খাদ্য মন্ত্রী জানান, প্রতিটি বিভাগীয় শহরে ২৫ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ২৫ টন করে চাল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সংখ্যা আরো বাড়ানো হতে পারে।
এছাড়া ঢাকার নগরীর অতিদরিদ্র পরিবারগুলোর জন্য সরকার বিশেষ মূল্যে চাল বিক্রি করবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, "এসব পরিবার নির্ধারিত ওই মূল্যে প্রতি মাসে ২০ কেজি করে চাল পাবে। তবে এ মূল্য প্রতি মাসেই পরিবর্তন হতে পারে।"
এজন্য প্রতি ওয়ার্ডে চার হাজার জন অতিদরিদ্র লোকের তালিকাসহ সারা দেশের হত দরিদ্র ও দুঃস্থ-অসহায়দের তালিকা তৈরি হচ্ছে বলে তিনি জানান।
আব্দুর রাজ্জাক আরো বলেন, চালের বর্তমান মজুদে আগামী বোরো মৌসুম (ফেব্র"য়ারি থেকে এপ্রিল) পর্যন্ত ওএমএস কার্যক্রম চালানো যাবে। এছাড়াও সাড়ে চার লাখ টন গম আমদানি করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। রাশিয়ার সঙ্গে চুক্তি করে এর আওতায় কম মূল্যে আরো তিন লাখ টন গম আনা হবে।
বৈঠকে অন্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব মোখলেছুর রহমান, খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব বরুন দেব মিত্র (বিডি মিত্র), খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা, খাদ্য বিভাগের যুগ্ম-সচিব খন্দকার আতিয়ার রহমানসহ মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/২০১০ ঘ.
bdnews24