কুমিল্লা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রাইফেলস (বিডিআর) কুমিল্লা সেক্টরের আটক করা সাড়ে ৫৭ কোটি টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে মঙ্গলবার।
সকাল ১১টায় কুমিল্লার কোটবাড়ীতে সেক্টর সদরের ৩৩ রাইফেল ব্যাটালিয়ন মাঠে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিকরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি মাদকদ্রব্য ধ্বংসের আনুষ্ঠানিক সূচনা করেন বলে বিডিআর'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে সাহারা খাতুন বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনের সরকারি অঙ্গীকার পূরণে বিডিআর অগ্রণী ভূমিকা পালন করছে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও এই বাহিনী সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে দক্ষতা ও কৃতিত্বের পরিচয় দিচ্ছে"।
বিডিআরের অপারেশন কার্যক্রম জোরদার করতে বিওপিসমূহে প্রয়োজনীয় মোটরসাইকেল ও গাড়ি সরবরাহ করারও আশ্বাস দেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম বলেন, "বিডিআর ২০০৯ সালে চোরাচালান প্রতিরোধ অভিযানে ৪৬৪ কোটি টাকা মূল্যের চোরাচালান দ্রব্য আটক করেছে।"
অনুষ্ঠানে সেক্টর কমান্ডার কর্নেল মীর্জা এজাজুর রহমান জানান, মঙ্গলবার ধ্বংস করা মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে ২০০৯ সালের শেষ তিন মাসে।
এ ছাড়া গত বছরের শেষ নয় মাসে প্রায় ৮৯ কোটি টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছিল বলেও তিনি জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংসদ আলী আশরাফ, আ. ক. ম. বাহাউদ্দিন, সুবিদ আলী ভুঁইয়া এবং স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার।
এ ছাড়া বিডিআরের পরিচালক (পরিচালন ও প্রশিক্ষণ) কর্নেল মো. জসীম উদ্দিন, কুমিল্লা সেক্টর ও অধীনস্থ ব্যাটালিয়ন সমূহের কর্মকর্তা ও সদস্যরা, সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিতি ছিলেন।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে হেরোইন ২৮ কেজি, গাঁজা আট হাজার ৩৬ কেজি, হুইসকি ও বিয়ার ৩২ হাজার ২২ বোতল, ফেন্সিডিল ৩৬ হাজার ১২৩ বোতল, বিভিন্ন প্রকারের মদ ৪৭২ লিটার, লুপিজেসিক ইনজেকশন দুই হাজার ৫৩১টি, ইয়াবা ট্যাবলেট এক লাখ ২৫ হাজার এবং ২৫ হাজার ২০০ বিভিন্ন প্রকার নেশার ট্যাবলেট।
এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৭ কোটি ৫১ লাখ ৪২ হাজার ৯৫০ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/১৮০২ ঘ.
bdnews24