সাতক্ষীরা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।
গত ৪ ডিসেম্বর রাতে ভূমিহীন ও কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর (৬৫) নিহত হন।
সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইফুল্লাহ লস্করের স্ত্রী সুরাইয়া আক্তার এব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৩ ও ৩০ জানিুয়ারি দুই দফায় সিআইডি কর্মকর্তা ও সাতক্ষীরা সদর থানার ওসি হাসেম খান তার বাড়িতে গিয়ে তদন্তের নামে জমিজমা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ, তাদের বৈবাহিক বিষয়, টাকা দিয়ে ডাক্তারের ময়নাতদন্ত রিপোর্ট তৈরি, হত্যাকাণ্ডের রাতে তাদের বাড়িতে পুলিশের উপস্থিতির বিষয় নিয়ে হুমকি, ছেলের বিয়ে, আন্দোলন বন্ধ করাসহ নানা বিষয়ে অপ্রাসঙ্গিক কথা তুলে তাকে প্রকারান্তরে হুমকি দেন।
এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন উল্লেখ করে বলেন, তদন্তের নামে হত্যাকারীদের চিহ্নিত করার পরিবর্তে তাদের আড়াল করার অপচেষ্টা হচ্ছে।
সুরাইয়া আক্তার যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ করেন তারা হলেন, সিআইডি'র এসপি আব্দুর রহমান, ইন্সপেক্টর আমির হোসেন ও সদর থানার ওসি হাশেম খান।
তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন লস্কর হত্যা মামলার বিচার বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুর রহিম, মোস্তফা লুৎফুল্লাহ, আবুল কালাম আজাদ, কুদরত-ই-খোদা, আশরাফুজ্জামান আশু, ভূমিহীন নেতা আবুল খায়ের সরদার প্রমুখ।
গত ৫ ডিসেম্বর সকালে সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়ায় বাড়ির পাশ থেকে সাইফুল্লাহ লস্করের লাশ উদ্ধার করা হয়।
আগেরদিন গভীর রাতে তার বাড়িতে পুলিশ গিয়েছিল বলে পরিবারের সদস্য এবং সদর থানা পুলিশ জানিয়েছে। পুলিশ সাইফুল্লাহর মৃত্যু 'রহস্যজনক' বলে উল্লেখ করলেও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির অভিযোগ, পুলিশ তাকে হত্যা করেছে।
সাইফুল্লাহ বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গোপন রাজনৈতিক দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত এবং জেলা ভূমিহীন উচ্ছেদ সমন্বয় কমিটির নেতা ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০৩৯ ঘ.
bdnews24