গোপালগঞ্জ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার এক গ্রামে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে শুক্রবার সকালে এ সংঘাত হয়। গ্রামটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে ছয়জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- ইদ্রিস শেখ (৫০), নুরু খাঁ (৩৫), হাবি মোল্লা (৩৫), বাবলু মোল্লা (২৫), মহর শেখ (৪৫) ও কুলসুম বেগম (৩৫)।
স্থানীয়রা জানিয়েছেন, মধুমতি নদীর চর দখল নিয়ে পাইককান্দি ইউনিয়ন পরিষদের সদস্য পুখুরিয়া গ্রামের ইস্রাফিল শেখের সঙ্গে হাবিব খাঁর বিরোধ চলছিলো।
বৃহস্পতিবার বিকালে যোগানিয়া বাজার থেকে ফেরার সময় চরপুখুরিয়া বাজারে ইস্রাফিলের সমর্থক জাহিদ শেখ (৩২) প্রতিপক্ষ হাবিব খাঁর সমর্থক তাহের খাঁকে (৩২) মারধর করে।
এ ঘটনার জের ধরে দু'পক্ষের লোকজন শুক্রবার সকাল ৭টার দিকে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে সাড়ে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসিমুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার সর্দার রোকনুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৪০৬ ঘ.
bdnews24