২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল-যশোর সড়কে বাস ধমর্ঘট চতুর্থ দিনে

সংস্কারের দাবিতে বাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে নড়াইল-যশোর সড়কে বাস চলাচল শুক্রবার চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 07:06 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

নড়াইল, ৩১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কারের দাবিতে বাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে নড়াইল-যশোর সড়কে বাস চলাচল শুক্রবার চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে। যশোর জেলা বাস শ্রমিক ইউনিয়ন ও নড়াইল জেলা বাস শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘটের ডাক দেয়। এর ফলে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। অতিরিক্ত অর্থ ব্যয়ে ইঞ্জিনচালিত যান নছিমন-করিমন ও ভাড়ায় চালিত মটর সাইকেলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। নড়াইল শহরের কয়েকজন বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস বন্ধ থাকায় নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অতিরিক্ত টাকা দিয়ে নছিমন, করিমনসহ বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ যানবাহনে যাতায়াত করতে বাধ্য হচ্ছি। ইন্টার ডিস্ট্রিক্ট বাস সিন্ডিকেট (আইডিবিএস) যশোর অঞ্চলের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নড়াইল-যশোর সড়কটি বাস চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়ই দুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। তিনি বলেন, "দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়নি।" নড়াইল জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক খান জানিয়েছেন, সড়ক ও জনপথ বিভাগ সড়ক সংস্কারের কাজ শুরু করলেই ধর্মঘট প্রত্যাহার করা হবে। এ বিষয়ে নড়াইলের জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন জানান, সড়কের ভাঙা অংশের বেশিরভাগই যশোর সড়ক ও জনপথ বিভাগের অন্তর্ভুক্ত। ধর্মঘট প্রত্যাহারে জন্য আলোচনা চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এজে/১৩০৪ ঘ.