মুন্সীগঞ্জ, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে।
প্রকল্প সেলের প্রধান যুগ্ম সচিব জয়নাল আবেদীন তালুকদার সাংবাদিকদের বলেন, "প্রস্তাবিত এলাকার একটি বসতবাড়িও অধিগ্রহণের আওতায় আনা হবে না।"
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে তিনি জানিয়েছেন।
যুগ্ম সচিব জানান, চুল চেরা বিশ্লেষণের পর বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের কাজ হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে দ্রুতগতিতে কাজ সম্পন্ন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আজিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমডোর মাহমুদ হোসেন, পরিচালক (এয়ার ট্রাফিক সার্ভিস) আজাদ জহিরল ইসলাম, পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আব্দুল লতিফ খান প্রমুখ।
সরকার মুন্সীগঞ্জের শ্রীনগর, ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলার আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবাসন প্রকল্প বঙ্গবন্ধু সিটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে।
এই প্রকল্পের আওতায় আড়াই হাজার একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিমানবন্দর নির্মাণ না করার দাবিতে গত ২৭ ডিসেম্বর শ্রীনগরের লোকজন বিক্ষোভ করে। প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী সকাল ১০টা থেকে চার ঘণ্টা ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে রাখে।
দোহার ও নবাবগঞ্জের লোকজনও একই দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৬ ঘ.
bdnews24