ময়মনসিংহ, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে উপজেলার রায়মনি এলাকার একটি ধানক্ষেতে লাশটি পাওয়া যায়। ওই তরুণীর বয়স আনুমানিক ২০ বছর।
ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, তরুণীর পরনে রয়েছে সবুজ রংয়ের জামা ও ওড়না, খয়েরি রংয়ের কার্ডিগান এবং জিন্সের প্যান্ট।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধারণা করা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কেউ যাতে চিনতে না পারে এজন্য দুর্বৃত্তরা মেয়েটির মুখ আগুনে পুড়ে দিয়েছে।"
ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ত্রিশাল থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭০০ ঘ.
bdnews24