২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাবেন নাতিরাও

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় তাদের সন্তানের সন্তানদের (নাতি-নাতনি) নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 08:52 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় তাদের সন্তানের সন্তানদের (নাতি-নাতনি) নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৃহস্পতিবারের বৈঠকে এছাড়াও ১৮ বছর বয়স পর্যন্ত শিশু হিসেবে চিহ্নিত করে 'শিশু আইন-২০১০'র খসড়া অনুমোদন করেছে। ২০১৫ সাল পর্যন্ত (আরো পাঁচ বছর) বনাঞ্চল থেকে গাছ কাটা বন্ধ করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা এতে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান। তিনি বলেন, সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা বরাদ্দ রয়েছে। কিন্তু এসব কোটা সন্তানদের দিয়ে পূরণ করা সম্ভব হচ্ছে না। "এক্ষেত্রে সন্তান পাওয়া না গেলে সন্তানদের সন্তানকে (নাতি বা নাতনী) এ কোটার জন্য বিবেচনা করা হবে। মন্ত্রিসভার বৈঠকে সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ প্রস্তাবটি উপস্থাপন করা হলে তা অনুমোদন করা হয়", বলেন প্রেসসচিব। বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রিসভার বৈঠকে মুক্তিযোদ্ধার পরিবারের অন্যান্য সদস্য যেমন ভাই-বোনের সন্তানদেরও এ সুবিধা দেওয়ার প্রস্তাব ছিলো। কিন্তু মন্ত্রিসভা শুধু নাতি-নাতনীদের বিষয়টি অনুমোদন করেছে। আবুল কালাম জানান, শিশুদের জন্য বিদ্যমান আইনগুলো রহিত করে নতুন করে 'শিশু আইন-২০১০'র খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়। এ আইনের ফলে এখন থেকে ১৮ বছরের নিচে প্রত্যেকেই শিশু হিসেবে বিবেচিত হবে। এ শিশুদের কল্যাণে একটি বোর্ড থাকবে। শিশুদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে শিশুবান্ধব পুলিশের ব্যবস্থা থাকবে। কোনো শিশু অপরাধে জড়িত হলে, তার বিচারেও বিকল্প ব্যবস্থা থাকবে। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে বীরত্বপূর্ণ কাজের জন্য সাহসিকতা পদকপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের দেওয়া আর্থিক অনুদানের অর্থ বৃদ্ধির প্রস্তাব এবং বিদ্যমান হিসাব ও নিরীক্ষা পদ্ধতির উন্নয়নে 'ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন-২০১০'র খসড়া নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। কিন্তু এ প্রস্তাব ও আইন দুটি অনুমোদন করা হয়নি। এগুলো আরো সংশোধন ও পরিমার্জনে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। প্রেসসচিব বলেন, বীরত্বপূর্ণ কাজের জন্য সাহসিকতার পদক পাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের আর্থিক অনুদানের অর্থ বাড়ানোর প্রস্তাবের সঙ্গে পুলিশ বাহিনীকেও যুক্ত করতে বলা হয়েছে। এজন্য প্রস্তাবটি চূড়ান্ত করতে পরিকল্পনামন্ত্রী একে খন্দকারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম এবং অর্থ, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা সচিবকে এ কমিটির সদস্য করা হয়েছে। হিসাব ও নিরীক্ষা পদ্ধতির উন্নয়নে 'ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন-২০১০'র খসড়া পরিমার্জন ও সংশোধন করে চূড়ান্ত করতে গঠিত কমিটিতে প্রধান করা হয়েছে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমানকে। এছাড়াও বৈঠকে সরকারের দুই বছরের কর্মকাণ্ড জনসম্মুখে তুলে ধরতে মন্ত্রণালয় ভিত্তিক কার্যক্রম ও অর্জনগুলো ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একজন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অর্থ পাচার রোধে (মানি লন্ডারিং) সংশ্লিষ্টদের আরো কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৩০ ঘ.