ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজ ভাঙা শিল্পের বিধিমালা আগামী মাসেই চূড়ান্ত হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম।
বুধবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) এক কর্মশালায় তিনি বলেন, "ইতোমধ্যেই 'বিপজ্জনক ও জাহাজ ভাঙা বর্জ্য ব্যবস্থাপনা' বধিমালার খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিসভার আগামী মাসের বৈঠকে তা অনুমোদন পাবে বলে আমরা আশা করছি।"
বিধিমালা চূড়ান্ত হওয়ার পর জাহাজ ভাঙা শিল্পে কী কী নীতিমালা মেনে চলতে হবে তার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে বলে জানান তিনি।
দেশে বর্তমানে একশ ২৫টি জাহাজ ভাঙা ইয়ার্ড রয়েছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র ১৬টির।
এক প্রশ্নের জবাবে মনোয়ার ইসলাম সাংবাদিকদের বলেন, "আমরা এ পর্যন্ত ১৬টিকে ছাড়পত্র দিয়েছি। অন্য ইয়ার্ডগুলোও আবেদন করেছে। তাদেরগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।"
'এনভায়রনমেন্টালি সাসটেইনেবল শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ অ্যাজ পার আইএসও ৩০০০০: সল্যুউশনস ফর বাংলাদেশ' শীর্ষক কর্মশালাটি আয়োজন করে বিসিএসআইআরের ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ক্যালিব্রেশন সার্ভিস ল্যাবরেটরি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, "বাংলাদেশের উন্নয়নের জন্য জাহাজ ভাঙা শিল্প দরকার। তবে পরিবেশ সংরক্ষণ করেই এ শিল্পের উন্নয়ন করতে হবে।"
তিনি জাহাজ ভাঙা শিল্পের ক্ষেত্রে আন্তর্জাতিক মানের সনদ প্রদানের জন্য বিসিএসআইআরের জনবলের দক্ষতা বাড়ানো ও পরীক্ষাগার উন্নত করার পরামর্শ দেন।
গত ১৫ ডিসেম্বর ভাঙার জন্য বিদেশ থেকে বাংলাদেশে জাহাজ আনার ওপর নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। একইসঙ্গে সরকারকে তিন মাসের মধ্যে জাহাজ ভাঙা বিষয়ক বিধিমালা তৈরির নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/পিডি/১৮৪৫ ঘ.
bdnews24