দিনাজপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ওষুধের দোকান বরাদ্দ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুর ওষুধ দোকানদার মালিক সমিতি।
আগামী তিনদিনের মধ্যে এই দোকান বরাদ্দের বিষয়টি বাতিল না করা হলে হাসপাতাল এলাকায় অনির্দিষ্টকালের জন্য সব ওষুধের দোকান বন্ধ রাখার হুমকি দিয়েছে তারা।
বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন কর্মসুচী পালন করে তারা। এ সময় হাসপাতাল এলাকায় সব ওষুধের দোকান বন্ধ রাখা হয়।
ওষুধ দোকানদার মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, গত ২৭ অক্টোবর হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের ভেতরে ছয়টি ওষুধের দোকান বরাদ্দের ঘোষণা দেয়।
তিনি বলেন, "দেশের অন্য কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এমন ব্যবস্থা নেই। হাসপাতালের ভেতরে ওষুধের দোকান থাকলে বাইরের ওষুধ দোকানদাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে।"
এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শামসুল আলম বলেন, "সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালের ভেতরে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে এবং তা টেন্ডারের মাধ্যমেই করা হয়েছে।"
মানববন্ধনে বক্তব্য রাখেন ওষুধ দোকানদার মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি তৈয়বুল ইসলাম চৌধুরী, ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৫৫৩ ঘ.
bdnews24