২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'উন্নয়নশীল বিশ্বে বাংলাদেশে প্রথম থ্রি আর কৌশলপত্র'

পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, উন্নয়নশীল বিশ্বের মধ্যে বাংলাদেশ প্রথম বর্জ্যব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশলপত্র প্রণয়ন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 04:13 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, উন্নয়নশীল বিশ্বের মধ্যে বাংলাদেশ প্রথম বর্জ্যব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশলপত্র প্রণয়ন করেছে। মঙ্গলবার বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে প্রণীত জাতীয় থ্রি আর কৌশলপত্রের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পরিবেশ অধিদপ্তরে উদ্যোগে হ্রাস, পুনঃব্যবহার ও পুনঃব্যবহার উপযোগীকরণ (রিডিউস, রিইউজ, রিসাইকেল-থ্রি আর) জাতীয় কৌশলপত্রের মোড়ক উম্মোচন করেন প্রতিমন্ত্রী। "দেশের মাথাপিছু বর্জ্য সৃষ্টির পরিমাণ হ্রাস, বর্জ্যরে বিভিন্ন অংশ কাঁচামাল হিসেবে পুনরায় ব্যবহার করে পরিবেশ ও জনস্বাস্থ্য সংরক্ষণের পাশাপাশি পৌর বর্জ্য ব্যবস্থাপনা খাত থেকে বিপুল পরিমাণ আয় করা সম্ভব," বলেন হাছান মাহমুদ। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. মিহির কান্তি মজুমদার জানান, দেশে প্লাষ্টিকসহ বেশ কয়েকটি সামগ্রীর পুনঃব্যবহার ও পুনঃব্যবহার উপযোগীকরণ হচ্ছে। যথাযথ প্রাতিষ্ঠানিক সুবিধা গড়ে তোলা গেলে এ খাতে কর্মসংস্থান সৃষ্টিসহ কাঁচামাল আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয়সহ বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলামের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে ইউনাইটেড নেশনস সেন্টার ফর রিজিওনাল ডেভলপমেন্ট, নাগোয়া, জাপানের এনভায়রনমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর চৌধুরী রুদ্র চরণ মোহান্তি বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২১৬ ঘ.