ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে রদবদল করা হয়েছে। ওই পদে নতুন করে নিয়োগ পেয়েছেন বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলিপ কুমার বসাক।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ নিয়োগ দেওয়া হয়।
তবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আগের চেয়ারম্যানকে কোথাও বদলি বা পদায়নের কোনো আদেশ জারি হয়নি।
এছাড়াও পৃথক আদেশে দুইজন যুগ্ম-সচিব ও তিনজন উপসচিবের পদে রদবদল করা হয়।
যুগ্ম-সচিবদের মধ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খানকে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের যুগ্ম-সচিব পদে পদায়ন এবং পিএসসি সচিবালয়ের যুগ্ম-সচিব একেএম মর্তুজাকে ওএসডি করা হয়েছে।
উপসচিবদের মধ্যে ওএসডি সাহেদ আলী ও এটিএম মোস্তফা কামালকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে এবং নূরুল আমীনকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মঙ্গল চন্দ্র চন্দকে সমন্বিত উফশী পাট ও পাটবীজ কর্মসূচির প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮২০ ঘ.
bdnews24