২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধ থেকে ভাইয়ের ঘরে আগুন, ভাতিজির মৃত্যু

সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তি ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দিলে তাতে অগ্নিদগ্ধ হয়ে ভাতিজির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 07:58 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তি ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দিলে তাতে অগ্নিদগ্ধ হয়ে ভাতিজির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন আরো দুজন। নিহত শিশুর নাম জুঁই (১৩)। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীরের বাড়িতে তার ভাই আলমগীর আগুন ধরিয়ে দেয় বলে সদর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ারা খাতুন জানিয়েছেন। আলমগীর ও জাহাঙ্গীর উত্তর পাথরঘাটা গ্রামের আকবর আলীর ছেলে। মনোয়ারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলমগীর ও জাহাঙ্গীরের মধ্যে মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলো। এর জের ধরে সকালে আলমগীর তার ভাইয়ের ঘর বাইরে থেকে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।" পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ জুঁই, তারা বাবা জাহাঙ্গীর ও মা সুরাইয়া ইয়াসমিন ডলিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসাপাতালে ভর্তি করে। সেখানে জুঁইয়ের মৃত্যু হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুরাইয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা মনোয়ারা বলেন, এ ঘটনায় সুরাইয়ার বাবা পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের আব্দুর রহমান বাদি হয়ে সদর থানায় আলমগীরকে আসামি করে একটি মামলা করেছেন। আগুন ধরানোর পর আলমগীর নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান বলে পুলিশ জানিয়েছে। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে গ্রেপ্তার দেখিয়ে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩৫৫ ঘ.