ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেতে অগ্নিদগ্ধ আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ১০-এ দাঁড়িয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নামাপাড়ার বোর্ডগার্ড এলাকায় গোদরেজের অ্যারোসলের গুদামে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আব্দুল হামিদ (২০) মারা যান। দুপুর সাড়ে ৩টার দিকে মৃত্যু হয় এনামুল (২১) নামে অন্য জনের।
দুজনেরই বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জঙ্গলবাড়ি এলাকায়।
এখন অগ্নিদগ্ধ একজন হাসপাতালে রয়েছেন বলে বার্ন ইউনিটে কর্তব্যরত এক চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি হলেন সাইদুর রহমান (৩০)।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এর আগে তিন জন মারা যান।
আগুনে নিহত অন্যরা হলেন- আনোয়ার হোসেন (২৩), রাসেল (১৭), ইউসুফ (২৫), তোফাজ্জল (২০), আমিনূর (২৫), আলমাস (২৫), ইকবাল হোসেন (২৬) ও জুয়েল (২০)।
হতাহতরা সবাই ওই গুদামে কাজ করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৬৩০ ঘ.
bdnews24