টাঙ্গাইল, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।
আহত হয়েছে আরো পাঁচজন।
জমি নিয়ে বিরোধের জেরে সোমবার সকালে উপজেলার কুর্শাবেনু গ্রামে হামলার এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তি হলেন- ওই গ্রামের আব্দুল কাদের (৫৫)।
কালিহাতী থানার ওসি ইউনুছ আলী সাংবাদিকদের জানান, জমি নিয়ে কুর্শাবেনু গ্রামের কাদেরের সঙ্গে পাশের গ্রাম বল্লভবাড়ির আব্দুল জব্বার ওরফে জব্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশও হয়েছে। শেষ পর্যন্ত জমিটি আব্দুল কাদের পান। কিন্তু জব্বার জমির দখল নিতে কাদেরকে বাধা দিয়ে আসছিলেন।
পুলিশ কর্মকর্তা জানান, সোমবার সকালে কাদের লোকজন নিয়ে জমিতে গেলে জব্বারের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ছয়জন আহত হয়।
আহতদের হাসপাতালে নেওয়ার পথে কাদের মারা যান। বাকিদের মধ্যে কুর্শাবেনু গ্রামের সামান প্রামাণিকের ছেলে আব্দুল হালিমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বল্লভবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.
bdnews24