২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে পাল্টাপাল্টি হামলা: আটক ৭

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীতা নিয়ে হামলা-পাল্টা হামলার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 11:36 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীতা নিয়ে হামলা-পাল্টা হামলার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় নির্বাচনী গণসংযোগের সময় মেয়র হালিমুল হক মীরুর উপর হামলার পর তার সমর্থকরা মনিরামপুর বাজারে অপর প্রার্থী আব্দুর রহিমের কয়েকজন সমর্থককে মারধর করে। এ ঘটনায় উভয়পক্ষ মামলা করেছে। রাতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- মনিরামপুরের নুরুল ইসলাম (৩৫), দ্বারিয়ারপুরের আজিজ (৩২), মামুন ওরফে পাখি (৩০), হাবিল মন্ডল (৪০), কান্দাপাড়া গ্রামের বাবু (৩২), পারকোলা গ্রামের সেলিম (২৮) ও কাকিলামারি গ্রামের শহিদুল ইসলাম (৪০)। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মীরুর ছোট ভাই হাফিজুল হক পিন্টুর করা মামলায় তাদের আটক করা হয়েছে।" নিরাপত্তার কারণে তাদের রাতেই সিরাজগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে বলে জানান তিনি। শাহজাদপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, "মীরুর ৩০-৩৫ জন সমর্থকের নামে মামলা করেছেন উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান স্বপনের ভাগিনা মিঠু।" ওই সময় স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম উপজেলা চেয়াম্যান হাসিবুর রহমান স্বপনসহ বেশকিছু নেতাকর্মী থানায় উপস্থিত ছিলেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে মীরুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হামলায় আমার ডান হাত ভেঙে গেছে। কপাল ও মুখের জখমে ১১টি সেলাই দেওয়া হয়েছে।" তিনি অভিযোগ করেন, মহাজোটের প্রার্থী হিসাবে তাকে মনোনয়ন দেওয়ায় চয়ন ইসলাম ও হাসিবুর রহমান স্বপন লোকজন দিয়ে হত্যার উদ্দেশ্যে এ সশস্ত্র হামলা চালিয়েছে। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তারা গত ৯ ডিসেম্বর পৌরসভা কার্যালয়ে তাকে হুমকি দিয়েছিলো দাবি করে তিনি বলেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে চয়ন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মীরুকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তাই মেয়র প্রার্থী হিসাবে তাকে মনোনয়ন দেওয়ার খবরে নেতাকর্মীরা বিক্ষোভে নেমেছে।" মীরুকে মহাজোট সমর্থন দিয়েছে- সংবাদপত্রে প্রকাশিত এ খবর জেনে বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা রোববার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে। তিনি বলেন, তার মনোনয়ন বাতিল না করা পর্যন্ত কেউ আন্দোলন থেকে পিছপা হবে না। দলের সভায় নেওয়া এ সিদ্ধান্ত ইতোমধ্যে মহাজোট নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। তবে বহিস্কার প্রসঙ্গে মীরু বলেন, স্থানীয় আওয়ামী লীগ পরিকল্পিতভাবে তাকে বহিস্কারের সিদ্বান্ত নিয়োছিলো। কিন্তু বিষয়টি গঠনতান্ত্রিক না হওয়ায় জেলা আওয়ামী লীগ এ সিদ্বান্তের সঙ্গে একমত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৩২ ঘ.