মুন্সীগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে বিমানবন্দর না করার দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় অধিবাসীরা। সকাল ১০টায় শুরু হওয়া এ অবরোধে ৩০ হাজারের বেশি মানুষ যোগ দেয়।
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ওই অবরোধ সোমবার দুপুর ২টার দিকে প্রত্যাহার শুরু করে তারা। অবরোধ প্রত্যাহারের পর ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর আড়িয়াল বিলে নির্মাণ না করে অন্যত্র নির্মাণের দাবিতে জমি মালিক ও জনতা সকাল ১০টার দিকে শ্রীনগরের ষোলঘর থেকে নিমতলী পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় মহাসড়ক অবরোধ করে। তারা মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে।
এখানে বিমানবন্দর নির্মাণ করা হবে না মর্মে সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে সরে যাবে না বলে ঘোষণা দেয়।
পরে পুলিশের হস্তক্ষেপে বেলা ২টার দিকে জনতা অবরোধ তুলে নেয়। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এর আগে শ্রীনগর থানার ওসি মাহবুব আলম সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাজার হাজার লোক রাস্তা অবরোধ করেছে। এর ফলে এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সীগঞ্জের শ্রীনগর এবং ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার কয়েক হাজার নারী পুরুষ সকাল থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কের হাঁসাড়া পয়েন্টে জড়ো হয়।
এই বিক্ষোভে নেতৃত্ব দেন বাড়ৈখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মাস্টার এবং শেখ মো. হাফিজুর রহমান, শহীদুল ইসলাম, জামাল হোসেন।
বিক্ষোভকারীরা শ্রীনগর উপজেলার ষোলঘর থেকে সিরাজদিখানের নীমতলি পর্যন্ত প্রায় ৮কিলোমিটার পথ জুড়ে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে। তারা অনেকে মাথায় কাফনের কাপড় বেঁধে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মহাসড়কে অবস্থান নেয়।
বাড়ৈখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমি মালিক ইকবাল হোসেন মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে বিমানবন্দর হলে লাখ লাখ লোক বেকার হয়ে পথে বসবে। বিমানবন্দর এখানে না করে অন্যত্র করতে হবে। নইলে আরো বড় কর্মসূচী দেওয়া হবে।"
বিক্ষোভকারীরা ২/৩টি গাড়ি ভাংচুর এবং মহাসড়কের একটি তোরণে আগুন ধরিয়ে দেয়। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়ক বন্ধ থাকায় শত শত যানবাহন আটকা পড়ে। ফরে যাত্রীরা চারম দুর্ভোগে পড়েন।
শ্রীনগর থানার ওসি জানান, বিক্ষোভকারীদের হামলার ভয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা ২/৩টি টেম্পু ভাংচুর করেছে।
ওদিকে একই মহাসড়কের শ্রীনগর ছনবাড়িতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে একই এলাকার বিপুল সংখ্যক মানুষ। তারা বিমানবন্দর নির্মাণে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে বিমানবন্দর হলে এলাকার মানুষের কর্মসংস্থান হবে, আর্থসামাজিক অবস্থার উন্নতি ছাড়াও এলাকাটি হবে বাণিজ্যের কেন্দ্রবিন্দু।"
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম দুপুর সোয়া ২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। বিমান বন্দরের পক্ষে-বিপক্ষে কর্মসূচী পালিত হয়েছে। অবরোধকারীরা ফিরে গেছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বলেন, "সরকার জনগণের। জণগণের পক্ষেই যাবতীয় সিদ্ধান্ত নিবে সরকার।"
তিনি অবরোধকারীদের সাথে কথোপকথনের কথা উল্লেখ করে বলেন, "তারা এখন শান্ত রয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/পিডি/১৭০৫৮ঘ.
bdnews24