২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইয়ের মামলায় সাংসদ কামাল পাশাকে খুঁজছে পুলিশ

সম্পত্তি নিয়ে বিরোধে নিজের ভাইয়ের করা মামলায় গ্রেপ্তারের ঝুঁকিতে রয়েছেন চট্টগ্রামে বিএনপির সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 09:18 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তি নিয়ে বিরোধে নিজের ভাইয়ের করা মামলায় গ্রেপ্তারের ঝুঁকিতে রয়েছেন চট্টগ্রামে বিএনপির সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। হামলা ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগে সন্দ্বীপের এ সংসদ সদস্যের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় শুক্রবার রাতে মামলা করেছেন তার বড় ভাই এবিএম আশরাফুল্লাহ। কামাল পাশাকে গ্রেপ্তারে শনিবার সকাল থেকে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ১১টার দিকে আশরাফুল্লাহ বাদি হয়ে কামাল পাশা, তার ছেলে ইকবাল পাশা, কামালের ছোট ভাই আবুল কাশেমের বিরুদ্ধে মামলা করেন। আশরাফুল্লাহর ছেলে মো. ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার ভোরে আমার চাচা (কামাল পাশা) ও তার ছেলে ইকবাল পাশার নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন লোক আমাদের আইস ফ্যাক্টরি রোডের বাড়িতে হামলা চালায়।" বাড়ির সীমানা প্রাচীর ও মূল ফটক ভাংচুর করা হয় অভিযোগ করে তিনি বলেন, থানায় খবর দেওয়া হলে তারা চলে যায়। ওসি রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কামাল পাশাকে গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত আছে। তিনি জানান, ওই বাড়িটি কামাল পাশাদের পৈত্রিক বাড়ি। তিন ভাইয়ের মধ্যে সবার বড় আশরাফুল্লাহ দীর্ঘদিন ধরে ওই বাড়িতে থাকেন। ওসি বলেন, "আশরাফুল্লাহ রাজি না হলেও সংসদ সদস্য ওই জমিতে বহুতল ভবন নির্মাণের জন্য একটি ডেভলপার প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেন। জমির দখল নিতে শুক্রবার সকালে হামলা চালানো হয়।" এ জমির বিরোধ নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন আছে বলে পুলিশ জানায়। পুলিশ কর্মকর্তা রফিকুল বলেন, বেআইনি অনুপ্রবেশ, হামলা, ভয়ভীতি প্রদর্শন ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগে করা ওই মামলায় কামাল পাশাসহ মোট চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে জানতে কামাল পাশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৫১৫ ঘ.